Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ভারতীয় গরুর ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াত মারামারি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:১১ পিএম

ভারতীয় গরুর ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াত মারামারি

বিজ্ঞাপন

কুড়িগ্রামের রৌমারীতে সীমান্ত থেকে বিজিবির হাতে আটক হওয়া ভারতীয় গরুর নিলাম প্রক্রিয়ায় ভাগবাটোয়ারা নিয়ে মারামারিতে জড়িয়েছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে রৌমারী উপজেলা চত্বরে কাস্টমস আয়োজিত নিলাম চলাকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। দুই পক্ষের নেতারা বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাস্টমসের ব্যবস্থাপনায় ১০টি ভারতীয় গরু প্রকাশ্য নিলামে বিক্রির আয়োজন করা হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং জামায়াত ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিলাম স্থানে উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, নিলাম প্রক্রিয়ায় সমঝোতার ভিত্তিতে অংশ নিয়ে লভ্যাংশ ভাগাভাগির চেষ্টা করা হয়। এ নিয়ে জামায়াতের নেতাকর্মীরা ৫০ শতাংশ লভ্যাংশ দাবি করলে বিএনপির পক্ষ থেকে ৩০ শতাংশ দিতে রাজি হয়। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে ছাত্রশিবিরের সাবেক নেতা মাহাবুব আলম মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই দলের উপজেলা পর্যায়ের নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়। এতে যুবদল কর্মী ও সাবেক ছাত্রনেতা ইসরাফিল সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় ১০টি ভারতীয় গরু কিনে নেন।

এ বিষয়ে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন বলেন, ‘একটি পক্ষ সবসময় নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নিলাম ডাক করে আসছে। আমরা এটার বিরোধিতা করে স্বচ্ছতার সঙ্গে প্রকাশ্য নিলামের দাবি জানিয়েছি। এতে করে রাষ্ট্রের রাজস্ব আয় বেশি হয়। কিন্তু বিএনপির লোকজন এতে ক্ষিপ্ত হয়ে আমাদের লোকজনকে মারধর করেন।ঘটনাটি আমরা স্থানীয় বিএনপি নেতাদের জানিয়েছি। উভয় পক্ষ বসে মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসনকে আমরা বলেছি যেন ভবিষ্যতে অধিক নিরাপত্তা ব্যবস্থা রেখে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তারা আমাদের আশ্বস্ত করেছেন।’

উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, ‘কয়েকটি গরুর নিলামকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিএনপি এ ধরনের ঘটনাকে সমর্থন করে বিষয়টি আমরা বসে সমাধানের চেষ্টা করছি।’

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ থাকায় বিষয়টি সংঘর্ষের পর্যায়ে যায়নি। ওই ঘটনায় এখন পর্যন্ত (বুধবার দুপুর) কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার