বিজ্ঞাপন
পাটওয়ারীকে বেয়াদব কমেডিয়ান আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন খায়রুল বাসার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৪ পিএম
বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কিশোরগঞ্জে এক সমাবেশে বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন।
বক্তব্যে তিনি ফজলুর রহমানকে ‘ফজু পাগলা’ এবং কিশোরগঞ্জের ‘কলঙ্ক’ হিসেবে আখ্যায়িত করে তার নাম মুছে ফেলার আহ্বান জানান।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর জেলা প্রধান ও একাধিকবারের এই নির্বাচিত প্রতিনিধির প্রতি এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যে স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন কিশোরগঞ্জের সন্তান ও জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। ফেসবুক স্ট্যাটাসে তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেন, ফজলুর রহমান কিশোরগঞ্জের অহংকার ও পরিচয়।
কোনো বহিরাগত এসে এমন সম্মানিত অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে অপমান করবে, তা মেনে নেওয়া যায় না। অনতিবিলম্বে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বন্ধ ও আচরণ সংযত করার জন্য তিনি কঠোর হুঁশিয়ারি দেন।
খায়রুল বাসার লিখেন, ‘আমার জন্মস্থান কিশোরগঞ্জ। আমার মনে হয় না কিশোরগঞ্জের মানুষরা আর মানুষ আছে ! যদি মানুষ থাকতো তাহলে, কোন বেয়াদব কমেডিয়ান সেখানে গিয়ে দাঁত কেলিয়ে আবর্জনা ছিটিয়ে আসতে পারতো না।
কিশোরগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্মানিত, কিশোরগঞ্জের বাপসম একজন, যার পরিচয় কিশোরগঞ্জের পরিচয় বলা চলে, সে মানুষটাকে কিশোরগঞ্জের কলঙ্ক বলে আসতে পারতো না। বলতে পারতো না এই কলঙ্ককে এখান থেকে মুছে ফেলতে হবে।
বেয়াদবরা ভাবতেই পারে মানুষ কিছু বলে না; তাই যা খুশি বলে যাই! অত্যন্ত আন্তরিক অনুরোধ- অনেক হয়েছে এবার সংযত হওয়া উচিত।
মুক্তিযোদ্ধা ফজুলুর রহমান কিশোরগঞ্জের অহঙ্কার , কিশোরগঞ্জের পরিচয়। তিনি কিশোরগঞ্জের কিংবদন্তী , বর্তমান কিশোরগঞ্জের কান্ডারী। কিশোরগঞ্জের সব ভদ্রলোক যদি মারা গিয়ে থাকে , আমি এই মাটির সন্তান হিসেবে বেয়াদবির নিন্দা এবং প্রতিবাদ জানালাম।’
খায়রুল বাসারের এই প্রতিবাদী বার্তার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণ অভিনেতার বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।