Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বহরে ২১ নতুন বোয়িং যুক্ত করবে ইউএস-বাংলা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৩ পিএম

বহরে ২১ নতুন বোয়িং যুক্ত করবে ইউএস-বাংলা

বিজ্ঞাপন

বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার ঘোষণা দিয়েছে দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইনসটি।

এর মধ্যে থাকবে ১৫টি অত্যাধুনিক বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে এসব উড়োজাহাজ বহরে যুক্ত হবে।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রতিমন্ত্রী বলেন, একটি অভ্যন্তরীণ এয়ারলাইন হিসেবে যাত্রা শুরু করে ইউএস-বাংলা বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক ক্যারিয়ারে পরিণত হয়েছে। নিরাপত্তা ও মানসম্মত সেবার প্রতি তাদের অঙ্গীকারের কারণেই এ অগ্রগতি সম্ভব হয়েছে।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে প্রায় ২৪ মিলিয়ন যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হবে। এ ক্রমবর্ধমান চাহিদা পূরণে ইউএস-বাংলার ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের এভিয়েশন খাতের প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলকের অংশ হতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন, বোয়িং ৭৩৭ উড়োজাহাজ লিজ নেওয়ার নতুন চুক্তি শুধু একটি এয়ারলাইনসের বহর সম্প্রসারণ নয়, বরং বাংলাদেশের ভবিষ্যতে বিনিয়োগ। এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগ, পর্যটন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগিহ বলেন, আধুনিক ও জ্বালানি সাশ্রয়ী বোয়িং উড়োজাহাজ যুক্ত করার মাধ্যমে ইউএস-বাংলা প্রবৃদ্ধির নতুন ধাপে প্রবেশ করছে। এ উদ্যোগ বাংলাদেশের এভিয়েশন খাতের সম্ভাবনা এবং যাত্রীসেবার মান উন্নয়নের প্রতি এয়ারলাইনটির প্রতিশ্রুতির প্রতিফলন।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, ভ্রমণ ও পর্যটন খাতের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউএস-বাংলা গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক আকাশপথের বাজারে এখনো প্রায় ৭০ শতাংশ যাত্রী বিদেশি এয়ারলাইন্স বহন করছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইনসের সক্ষমতা বাড়বে এবং বৈদেশিক মুদ্রার বড় অংশ দেশে রাখা সম্ভব হবে।

তিনি বলেন, ইউএস-বাংলার লক্ষ্য শুধু একটি সফল এয়ারলাইনস পরিচালনা করা নয়; বরং প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ গ্লোবাল এভিয়েশন গ্রুপ হিসেবে গড়ে তোলা। নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পাশাপাশি কার্গো, এমআরও, ফ্লাইট ক্যাটারিং, দক্ষ জনবল উন্নয়ন ও এভিয়েশন প্রশিক্ষণের মতো খাতেও কার্যক্রম বাড়ানো হবে।

নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পর দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলম্বো, কাঠমান্ডু, পেনাং, কুনমিং, শেনজেন, বেইজিং, দক্ষিণ কোরিয়া, জাপান, কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম ও সালালাহসহ নতুন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

চট্টগ্রাম ও সিলেটকে আন্তর্জাতিক আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। এসব অঞ্চল থেকে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন গন্তব্যে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার লক্ষ্য রয়েছে।

মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশের এভিয়েশন শিল্পের টেকসই উন্নয়নের জন্য নতুন বিমানবন্দর, দক্ষ জনবল, আধুনিক এমআরও সুবিধা এবং আন্তর্জাতিক মানের এভিয়েশন প্রশিক্ষণ অবকাঠামো প্রয়োজন।

অনুষ্ঠানে জানানো হয়, ইউএস-বাংলা নিজস্ব অর্থায়নে পাইলট ও এয়ারক্রাফট প্রকৌশলী তৈরির উদ্যোগ নিয়েছে। পাশাপাশি পূর্বাচলে আন্তর্জাতিক মানের এভিয়েশন ট্রেনিং সেন্টার এবং দেশে আধুনিক ফ্লাইট ক্যাটারিং সেন্টার প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে।

ইউএস-বাংলার পক্ষ থেকে বলা হয়, বহর সম্প্রসারণের এ উদ্যোগ শুধু একটি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি নয়; বরং দেশের বেসরকারি বিমান পরিবহন শিল্প, পর্যটন, আন্তর্জাতিক বাণিজ্য, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ দূরপাল্লার রুটে ফ্লাইট পরিচালনার জন্য নতুন প্রজন্মের ওয়াইডবডি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার