বিজ্ঞাপন
কোন জঙ্গি হামলা নয় : সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব
মাহফুজুর রহমান নিপু, সাভার
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:৪১ পিএম
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে সাভারে তথাকথিত "জঙ্গি হামলা ও বিস্ফোরণে মানুষ দিশেহারা" এমন তথ্য ও ভিডিও ছড়িয়ে দিয়ে ভীতি সৃষ্টি করা হয়। তবে বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয়রা। এতে করে গুজবে নির্ঘুম রাত কেটেছে ঢাকার সাভারের অনেক বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত গত ১১ জুনের খুলনার সিটি হাসপাতালে অগ্নিকাণ্ডের পুরোনো ফুটেজ। সেই ফুটেজকে বিকৃত তথ্যে সাভারের ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। গতকাল রাত থেকে ফেসবুকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একাধিক নেতা-কর্মীদের আইডি থেকে এই ভুয়া তথ্যের প্রচারণা চালানো হয়। এছাড়া একাধিক পেজ থেকে একটি অগ্নিকাণ্ডের ভিডিও পোস্ট করে সাধারণ মানুষের মধ্যে ভয় ছড়ানোর চেষ্টা করা হয়।
এসব পোস্টে দাবি করা হচ্ছিল সাভারে জঙ্গি হামলা ঘটছে ও মানুষ প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে। 'সুইজারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক' সৈয়দ গোলাম কামরুজ্জামান, 'চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি' আবুল কালাম আজাদসহ 'খিদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ' নামের ফেসবুক পেজ থেকে একই ধরনের ক্যাপশন সংবলিত ভিডিও ক্লিপ পোস্ট করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও পোস্ট ছড়িয়ে পড়ার পর অনেকেই রাতে স্বজনদের খোঁজ খবর নিয়েছে। জানার চেষ্টা করছে কারণ ও স্থান নির্ধারণে।
সাভার পৌর এলাকার বাসিন্দা এমদাদ বলেন, রাতে বিদেশ থেকে আমার আত্নীয় স্বজন ফোন দিয়ে জানতে চাচ্ছে আমরা কেমন আছি। কোথায় ঘটনাটি ঘটে। পরে খোজ নিয়ে জানতে পারি, বিষয়টি ভূয়া।
সালাম, হাবিব, ময়নালসহ একাধিক ব্যাক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, ফেসবুকে একের পর এক পোস্ট আর ভিডিও দেখে আতঙ্কে ছিলেন। কিন্তু পুরো এলাকা ঘুরে ও সবার কাছে খোঁজ নিয়ে নিশ্চিত হন এখানে বাস্তবে কিছুই ঘটেনি, পরিস্থিতি একদম স্বাভাবিক। পুরোনো একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে সাধারণ মানুষকে অনর্থক বিভ্রান্ত ও আতঙ্কিত ছড়ানো হয়েছে।"
তাদের মতে, কোথাও কোনো হামলা বা বিস্ফোরণের চিহ্নও নেই, ব্যবসা-বাণিজ্য ও মানুষের চলাচল পুরোপুরি স্বাভাবিক। এটি মূলত গত ১১ জুনের খুলনার সিটি হাসপাতালের আগুনের ঘটনার পুরোনো ফুটেজ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল ভুয়া খবর ছড়িয়ে রাতভর সাভারবাসীকে আতঙ্কের মধ্যে রেখেছে।"
বিষয়টির সত্যতা ব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর বলেন, গতকাল রাতে কোন অগ্নিকাণ্ডের ঘটনাই ঘটে নাই। বিস্ফোরণের কোন ম্যাসেজ আমাদের কাছে আসে নাই। এটা নিশ্চিত বিষয়টি গুজব।
যোগাযোগ করা হলে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) নুর মোহাম্মদ বলেন, "সাভারে এমন কোনো জঙ্গি হামলা বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। ইন্টারনেটে ছড়ানো খবরটি শতভাগ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব। জনমনে অহেতুক আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতেই রাতভর এটি ছড়িয়ে দেওয়া হয়েছে। সাভারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে।"