Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

প্রকৌশলীর পদায়ন নিয়ে বিতর্ক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৭ এএম

প্রকৌশলীর পদায়ন নিয়ে বিতর্ক

বিজ্ঞাপন

টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী পদে পদায়নে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। প্রকৌশলী জাহানারা পারভীনকে নিজ জেলায় পদায়নের প্রতিকার চেয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি এখন জেলা ছাড়িয়ে টক অব দা কান্ট্রিতে পরিণত হয়েছে।

২ জুলাই জারি করা স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনের ১(ক) এবং ১(ঙ) অনুচ্ছেদে বলা হয়েছেমাঠ পর্যায়ের কোনো গুরুত্বপূর্ণ পদ, বিশেষত নির্বাহী প্রকৌশলী পদে কোনো কর্মকর্তাকে কোনো অবস্থাতে তার নিজ জেলা বা তার স্বামী বা স্ত্রীর জেলায় পদায়ন করা যাবে না। কিন্তু নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীনের পদায়নে নিয়ম মানা হয়নি। টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া গ্রামে জাহানারা পারভীনের বাড়ি। তার স্বামী ঠিকাদার শামছুল বারী একই গ্রামের আবদুল আজিজের ছেলে। 

১৬ জুলাই এলজিইডি সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন (চলতি দায়িত্ব) স্বাক্ষরিত অফিস আদেশে জাহানারা পারভীনকে টাঙ্গাইল জেলা কার্যালয়ে পদায়ন করা হয়। এর আগে জাহানারা পারভীন টাঙ্গাইলে সহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। কিন্তু ২ জুলাইয়ের পরিপত্র অনুযায়ী তাকে টাঙ্গাইলে পদায়নের সুযোগ নেই।

নিয়ম অনুযায়ী বর্তমান দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী নতুন যোগদানকারী প্রকৌশলীকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও জাহানারা পারভীন নিজেই দায়িত্বভার গ্রহণ করেছেন। এর প্রতিকার চেয়ে ১৯ জুলাই স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন টাঙ্গাইল সদর উপজেলার ঠিকাদার মোহাম্মদ আলী।

অভিযোগপত্রে বলা হয়, মাঠ পর্যায়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ও আর্থিক ক্ষমতাসম্পন্ন এ পদে নিজ জেলায় পদায়নে স্থানীয় স্বার্থান্বেষী মহলের সঙ্গে ওই কর্মকর্তার যোগসাজশ, আত্মীয়তার প্রভাব এবং ব্যক্তিগত অনুকম্পার বশবর্তী হয়ে দায়িত্ব পালন করার শঙ্কা রয়েছে। ফলে সরকারি উন্নয়ন প্রকল্পে পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি ও নানাবিধ প্রশাসনিক ও আর্থিক অনিয়মের ক্ষেত্র প্রস্তুত হতে পারে।

এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন বলেন, কর্তৃপক্ষ আমাকে পদায়ন করেছেন। কোনো নিয়মনীতির লঙ্ঘন হয়নি। কারণ নিয়মের মধ্যে থেকে নিজ জেলায় আরও অনেক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বিষয়টি নিয়ে টাঙ্গাইল এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান মন্তব্য করতে রাজি হননি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার