Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মিরপুরে গোলাগুলি: ঘটনার বর্ণনা দিলেন যুবদল নেতা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৩:২৬ এএম

মিরপুরে গোলাগুলি: ঘটনার বর্ণনা দিলেন যুবদল নেতা

বিজ্ঞাপন

রাজধানীর কাফরুল থানার মিরপুর-১৩ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী ইউসুফ আলী নিহত হওয়ার ঘটনার বর্ণনা দিয়েছেন কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবু।

শুক্রবার (২৪ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ঘটনার আগে সুজন নামে এক ব্যক্তি তাকে ফোন করে বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা ক্যাপ পরা এক যুবককে চেনেন কি না জানতে চান।

হাফিজুল বলেন, পরে আরও দুই যুবকের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তাদের কাউকেই চিনতে পারছেন না বলে জানান। ফোনে কথা বলার সময় ক্যাপ পরা যুবকের সঙ্গে তার চোখাচোখি হয়। এরপর ওই ব্যক্তি দ্রুত সরে যেতে শুরু করলে বিষয়টি সন্দেহজনক মনে হয়।

তিনি জানান, তখন তিনি সুজনকে ওই যুবকদের আটকের চেষ্টা করতে বলেন। পরে সুজন, ইউসুফ ও মামুন এগিয়ে গিয়ে তাদের পরিচয় জানতে চান।

হাফিজুলের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে ক্যাপ পরা যুবক কোমরের দিকে হাত দিলে ইউসুফ তাকে ধরার চেষ্টা করেন। এ সময় ওই যুবক খুব কাছ থেকে ইউসুফের বুকে গুলি করেন। ইউসুফ মাটিতে পড়ে গেলে হামলাকারী আরও দুই রাউন্ড গুলি চালায়। এ ঘটনায় কাছাকাছি থাকা একজন পথচারীও গুলিবিদ্ধ হন।

তিনি আরও জানান, পরে মামুন একটি ইটের টুকরো ছুড়ে মারলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করা হলে তারা আরও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

হাফিজুল বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর ইউসুফ তার কাছে এসে বিষয়টি জানান। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটকের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।

তার দাবি, উত্তেজিত জনতার হাত থেকে আটক ব্যক্তিকে রক্ষা করে তিনি কাফরুল থানার ওসি (তদন্ত) রুবেলকে বিষয়টি জানান। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয় এবং হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাউকে আগে থেকে চিনতেন না উল্লেখ করে হাফিজুল বলেন, আটক যুবকদেরও তিনি চেনেন না এবং তারা স্থানীয় বাসিন্দা বলেও মনে হয়নি। হামলার উদ্দেশ্য ও জড়িতদের পরিচয় তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ঘটনার পর হত্যা, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে মামলা হওয়ার বিষয়টি তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার