Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ; বললেন- ‘আমি সাধু নই’

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:৪৪ পিএম

সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ; বললেন- ‘আমি সাধু নই’

বিজ্ঞাপন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড অফিসার ও উন্নয়ন নিয়ন্ত্রণ-১ শাখার উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) পলাশ সিকদারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের বিষয়ে সম্প্রতি দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা, সহকারী পরিচালক মানসী বিশ্বাস।

দুদকের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০১৫ সালে চাকরিতে যোগ দেওয়ার পর ২০২৩ সালের জুন পর্যন্ত বেতন ও ভাতা বাবদ পলাশ সিকদারের মোট আয় প্রায় ৩৪ লাখ ৩১ হাজার ৪৮১ টাকা। তবে দুদকে জমা দেওয়া অভিযোগে দাবি করা হয়েছে, এই সময়ের মধ্যে তার নামে ও বেনামে প্রায় ৫ কোটি টাকার সম্পদ অর্জিত হয়েছে। একই সঙ্গে তার বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের বিষয়টিও অনুসন্ধানে খতিয়ে দেখা হচ্ছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং দুদকে জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে, পিরোজপুরের নেছারাবাদে তিনি প্রায় ২ কোটি টাকা ব্যয়ে একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন। এছাড়া মেজো বোনের নামে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে একটি দোতলা বাড়ি নির্মাণ, বাবার নামে ৩৫ লাখ টাকায় ১ একর ২৫ শতাংশ জমি কেনা এবং রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শ্যালকের নামে ৫ কাঠার প্লটে ভবন নির্মাণের অভিযোগও রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, তিনি প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি ব্যবহার করলেও বিআরটিএর নথি অনুযায়ী সেটি আফসানা মরিয়ম নামে এক নারীর নামে নিবন্ধিত। বিষয়টি অনুসন্ধানে যাচাই করছে দুদক। একই সঙ্গে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও নিজেকে ভূমিহীন হিসেবে দেখিয়ে সরকারি এক একর জমি বন্দোবস্ত নেওয়ার অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।

অন্যদিকে, ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন পর্যালোচনায় দেখা যায়, পলাশ সিকদারের বার্ষিক করযোগ্য চাকরিজনিত আয় ৫ লাখ ৪৮ হাজার ১০০ টাকা উল্লেখ করা হয়েছে। একই নথিতে তার নিট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৯৮ লাখ ৬৬ হাজার ১৬২ টাকা। রিটার্নে ব্যাংকে বছর শেষে জমা ১২ হাজার ১৬৪ টাকা থাকলেও হাতে নগদ অর্থ ৭২ লাখ ৮৯ হাজার ১০ টাকা, ১০ লাখ টাকার প্রাইজবন্ড এবং পিরোজপুর ও কুমিল্লায় জমির মালিকানার তথ্য উল্লেখ রয়েছে। এছাড়া ৫০ ভরি স্বর্ণের উল্লেখ থাকলেও এর আর্থিক মূল্য শূন্য টাকা দেখানো হয়েছে। নথি অনুযায়ী, তিনি দাবি করেছেন যে পিতার মৃত্যুর পর উত্তরাধিকারসূত্রে প্রায় ২০ লাখ ১২ হাজার ৫০০ টাকা নগদ পেয়েছেন।

তার স্ত্রী ফারজানা আক্তারের আয়কর রিটার্নেও উল্লেখযোগ্য পরিমাণ সম্পদের তথ্য রয়েছে। রিটার্ন অনুযায়ী, তার বার্ষিক ব্যবসায়িক আয় ৫ লাখ টাকা এবং নিট সম্পদের পরিমাণ ৪৭ লাখ ২৫ হাজার টাকা। ব্যবসায়িক সম্পদের মধ্যে নগদ ও ব্যাংক ব্যালেন্স প্রায় ৩৪ লাখ ৫৫ হাজার টাকা, হাতে নগদ ৮ লাখ টাকা এবং ২ লাখ টাকার প্রাইজবন্ড রয়েছে। তার রিটার্নেও ৫০ ভরি স্বর্ণের উল্লেখ থাকলেও এর আর্থিক মূল্য শূন্য টাকা দেখানো হয়েছে।

এদিকে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব বিস্তার, নির্বাচনে বিপুল অর্থ ব্যয় এবং রাজউকের দায়িত্ব পালনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগও বিভিন্ন সূত্রে উঠেছে। অভিযোগকারীদের দাবি, নকশা অনুমোদন ও ভূমি ব্যবহার ছাড়পত্র সংক্রান্ত কাজে অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করা হয়েছে। এছাড়া একটি বহুতল ভবনের নকশা জালিয়াতির অভিযোগেও পৃথক অনুসন্ধান চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো অনুসন্ধানাধীন।

রাজউকের একাধিক সূত্রের দাবি, বর্তমান দায়িত্ব পালনের সময়ও তার বিরুদ্ধে নিয়মিত অফিস না করা এবং প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে রাজউকের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানিয়েছে, সম্প্রতি নিজের প্রশাসনিক অবস্থান পুনর্বহালের লক্ষ্যে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে তদবির করেছেন। সেখানে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বিভিন্ন মন্তব্য করেছেন বলেও অভিযোগ রয়েছে।

আরও অভিযোগ রয়েছে, তৎকালীন সরকারের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা ও সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে নিজের ঘনিষ্ঠতা আরও দৃঢ় করা এবং তাকে সন্তুষ্ট করার লক্ষ্যেই কুমিল্লার মেঘনা উপজেলার ওই আবাসন প্রকল্পে জমি কিনেছিলেন পলাশ সিকদার। ​সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি, মুখ্য সচিবের সুনজরে থেকে রাজউকে নিজের প্রশাসনিক প্রভাব ও ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল হিসেবেই পলাশ সিকদার এই পদক্ষেপ নেন। শুধু নিজে জমি কেনাই নয়, তোফাজ্জল হোসেন মিয়ার কাছে নিজের অনুগত অবস্থান ও কার্যকারিতা প্রমাণ করতে তিনি রাজউকের অন্য সহকর্মীদেরও ওই প্রকল্পে জমি কিনতে ব্যাপকভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে পলাশ সিকদার মুঠোফোনে বলেন, “আমি সাধু নই, আপনি নিউজ করেন।” অভিযোগগুলোর বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।

দুদকের একটি সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য, ব্যাংক লেনদেন, আয়কর নথি এবং অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার