Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বৈঠকে বসেন তারা।

এদিকে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেছেন। ঢাকা বোর্ডের সামনে, রাজধানীর সায়েন্স ল্যাব, উত্তরা, ময়মনসিংহ বরিশাল, বগুড়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালন করা হয়। সড়ক অবরোধের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

সায়েন্সল্যাব মোড় 

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এলাকায় বিক্ষোভ শেষে অবারও সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবরোধ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরের সামনে যান। বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে ঢাকা বোর্ডের সামনে যান।

আন্দোলনে সিটি কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মুন্সী আব্দুর রউফ কলেজ, উদয়ন কলেজ, মাইলস্টোন কলেজ, কমার্স কলেজ, ঢাকা ওরিয়েন্টাল কলেজ, হামদর্দ পাবলিক কলেজ, সিদ্ধেশ্বরী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, পদার্থবিজ্ঞান পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে দু’টি প্রশ্নই ভুল করা হয়েছে। বাকি যে ছয়টি প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো অনেক বেশি কঠিন ছিল। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো কঠিন প্রশ্ন করা হয়েছে।’

ঢাকা আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, ‘বৈরী আবহাওয়ার ভেতরে এইচএসসি পরীক্ষা নেয়ার কারণে আমাদের অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। আবার অনেকে পরীক্ষার হলে যাওয়ার সময় রাস্তাতে পড়ে গেছে। অ্যাডমিট কার্ড ভিজে নষ্ট হয়ে গেছে। এসবের দায় কি শিক্ষামন্ত্রী নেবেন?’

উত্তরা

উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে সড়ক অবরোধ করে আন্দোলন চলমান থাকায় সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই রিপোর্ট লেখার সময় যানবাহনের দীর্ঘ সারি ইতোমধ্যে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে গেছে।

নারায়ণগঞ্জ

চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় দুর্যোগের কারণে অনুপস্থিত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, চলমান বন্যা, জলাবদ্ধতা ও যোগাযোগ সংকটের কারণে অনেক জেলার শিক্ষার্থীর পক্ষে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সাম্প্রতিক বৃষ্টি ও জলাবদ্ধতায় পরীক্ষাকেন্দ্রে যেতে গিয়ে অনেকেই চরম ভোগান্তির শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিতের দাবি জানান তারা।

ময়মনসিংহ

ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বন্যার মধ্যে চলমান পরীক্ষা স্থগিতসহ চার দফা দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর টাউন হল এলাকায় সড়ক অবরোধ করা হয়। এতে এ পথে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা জানান, নগরের বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা দুপুরে টাউন হল এলাকায় জড়ো হন। এ সময় তারা টাউন হল মোড় এলাকা অবরোধ করে যান চলচাল বন্ধ করে দেন।

বগুড়া

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে বগুড়ায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বেলা ১২টার দিকে তারা শহরের সাতমাথা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে নগরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুইপাশে যানবাহন আটকে যায় এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

গাইবান্ধা

গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন একদল পরীক্ষার্থী। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে প্রথম শহরের রেলগেট এলাকায় অবরোধ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশেই অসংখ্য যানবাহন আটকে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার