বিজ্ঞাপন
প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, তদন্তে ৩ সদস্যের কমিটি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:৩৩ পিএম
বিজ্ঞাপন
যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ফল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁসের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।
নবগঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল। এছাড়া অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার মো. জিয়াউল কবির সুমনকে কমিটির সদস্য এবং প্রশাসন-২ এর সহকারী পরিচালক মোছা. রোখসানা হায়দারকে কমিটির সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা ওই অফিস আদেশে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল বুধবার (৮ জুলাই) চূড়ান্ত করা হয়। এরপর প্রস্তুতকৃত ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করার নিমিত্ত প্রয়োজনীয় লিংক তৈরির জন্য সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মোহতাব কায়েসকে দায়িত্ব দেয়া হয়। সেই সঙ্গে ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের আগে তা ওয়েব পোর্টালে আপলোড না করার জন্যও তাকে নির্দেশনা দেয়া হয়। কিন্তু বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ওই লিংকগুলোয় আপলোড করা হয়। পরবর্তীতে অল্প সময় সচল থাকায় ওই লিংকগুলো থেকে সাধারণ ব্যবহারকারীরা ফলাফল ডাউনলোড করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে।
এই অবস্থায় কর্তৃপক্ষের বিনা অনুমতিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশের ঘটনার তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য এই কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেই সঙ্গে কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে ঘটনার তদন্তপূর্বক বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।