Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

নতুন পে-স্কেল : যেমন হতে পারে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্ট

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:৫২ পিএম

নতুন পে-স্কেল : যেমন হতে পারে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্ট

বিজ্ঞাপন

নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভার অনুমোদনের পর সরকার এ বিষয়ে গেজেট প্রকাশ করবে। একই সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতন, বেতন অনুপাত, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বিভিন্ন ভাতা কাঠামোয় পরিবর্তনের বিষয়ও চূড়ান্ত হচ্ছে।

অর্থ বিভাগের আরেকটি সূত্র বলছে, আগামী আগস্ট মাসে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সচিব কমিটি কয়েকটি বিষয়ে সংশোধনের প্রস্তাব দিয়েছে। কমিশন প্রথম গ্রেডের মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করলেও সচিব কমিটি সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি সর্বনিম্ন মূল বেতনও কিছুটা কমানোর আলোচনা রয়েছে।

এ ছাড়া সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাতেও পরিবর্তনের প্রস্তাব এসেছে। বেতন কমিশন যেখানে ১:৮ অনুপাতের সুপারিশ করেছে, সেখানে সচিব কমিটি তা কমিয়ে ১:৭ দশমিক ৫ করার পক্ষে মত দিয়েছে। বর্তমানে এই অনুপাত রয়েছে ১:৯ দশমিক ৪।

সূত্র বলছে, নতুন মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর করার বিষয়ে আলোচনা চলছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোতে শুধু মূল বেতন নয়, বার্ষিক ইনক্রিমেন্ট ও বিভিন্ন ভাতাতেও আসছে উল্লেখযোগ্য পরিবর্তন।

গ্রেডভিত্তিক ইনক্রিমেন্ট কত হতে পারে

বর্তমানে সব গ্রেডে ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর থাকলেও নতুন পে-স্কেলের খসড়ায় এতে বড় ধরনের ভিন্নতা আনা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী ষষ্ঠ থেকে ২০তম গ্রেড: ৫ শতাংশ ইনক্রিমেন্ট বহাল থাকবে।

পঞ্চম গ্রেড: ৪ শতাংশ।

তৃতীয় ও চতুর্থ গ্রেড: ৩ দশমিক ৫ শতাংশ।

দ্বিতীয় গ্রেড: ২ দশমিক ৭৫ শতাংশ।

প্রথম গ্রেড: আলাদাভাবে নির্ধারণ করা হবে।

ভাতা কাঠামোয় পরিবর্তন

নতুন পে-স্কেলে ভাতার ক্ষেত্রেও কমিশনের সুপারিশ আংশিকভাবে সংশোধন করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী

চিকিৎসা ভাতা: ৫ হাজার টাকার পরিবর্তে ৩ হাজার টাকা।

শিক্ষা ভাতা: ২ হাজার টাকার পরিবর্তে ১ হাজার ৫০০ টাকা।

 এদিকে নতুন পে-স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা ও ঝুঁকিভাতার মতো সুবিধাগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার