বিজ্ঞাপন
পে-স্কেল নিয়ে ‘গুরুত্বপূর্ণ’ সভা, চূড়ান্ত হতে পারে রূপরেখা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:৩৪ পিএম
বিজ্ঞাপন
নবম জাতীয় পে-স্কেল নিয়ে চলতি সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে পে-কমিশনের সুপারিশ পুনর্মূল্যায়নে গঠিত সচিব কমিটি। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, চলতি সপ্তাহে অনুষ্ঠেয় ‘গুরুত্বপূর্ণ’ ওই বৈঠকেই পে-স্কেলের রূপরেখা চূড়ান্ত হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একটি সূত্র জানিয়েছে, সচিব কমিটির সভায় বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনী কমিশনের সুপারিশ চূড়ান্ত করা হতে পারে। এরপর সচিব কমিটি এ বিষয়ে একটি প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে। অর্থ মন্ত্রণালয় পরবর্তীতে সেটি প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘চলতি সপ্তাহে সচিব কমিটির সভাটি অতি গুরুত্বপূর্ণ। কেননা এই সভায় বেতন বৃদ্ধি, ভাতায় কাটছাট, পে-স্কেল বাস্তবায়নের ধাপ-এর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হতে পারে।’
দুই দাপে পে-স্কেল বাস্তবায়ন
শুরুতে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনার কথা জানানো হলেও এবার সে অবস্থান থেকে সরে এসেছে পে-স্কেলের সুপারিশ পর্যালোচনায় গঠিত সচিব কমিটি বলে জানা গেছে। দুই ধাপে এটি বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রথম পর্যায়ে এ জন্য ৪৪ হাজার কোটি টাকা খরচ হতে পারে।
জানা গেছে, নতুন পে-স্কেল বাস্তবায়নে নীতিনির্ধারক পর্যায়ে একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সরকারি হিসাবরক্ষণ পদ্ধতি বা আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে জটিলতা সৃষ্টি না করতে একবারেই মূল বেতন কার্যকর করা যৌক্তিক মনে করছে অর্থ বিভাগ। সে কারণে সামগ্রিক প্রক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন করতে চায় কমিটি। এক্ষেত্রে প্রথম ধাপে অর্থাৎ চলতি অর্থবছর থেকে শতভাগ মূল বেতন বৃদ্ধি করা হতে পারে। আর দ্বিতীয় ধাপে অর্থাৎ আগামী ২০২৭-২০২৮ অর্থবছরে ভাতা ও অন্যান্য সুবিধা বৃদ্ধি করা হতে পারে। বেতনবৃদ্ধি
গেজেট জুলাইয়ের মাঝামাঝি
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের জন্য দুই ধাপে বাস্তবায়িত হতে যাওয়া নবম পে-স্কেলের গেজেট প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জারি করা হবে। জুলাইয়ের মাঝামাঝি এ সংক্রান্ত গেজেট প্রকাশ করতে পারে অর্থ মন্ত্রণালয়।
নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, ‘জুলাইয়ের মাঝামাঝি পে-স্কেলের গেজেট জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝামাঝি না হলে এর পরের সপ্তাহে গেজেট জারি করা হবে।’