Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

গ্রেপ্তারের পর আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

গভীর রাতে হ্যান্ডকাপ ফেরত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৬ এএম

গ্রেপ্তারের পর আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

বিজ্ঞাপন

বরিশালের মুলাদী উপজেলায় গ্রেপ্তারের পর হ্যান্ডকাপসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিকেলে আসামি ছিনতাইয়ের পর পুলিশ দেনদরবার করে গভীর রাতে হ্যান্ডকাপ ফেরত পায়।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার সোহেল রানা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার বিকেলে রামারপুল বাজার থেকে আওয়ামী লীগ কর্মী রাসেদুল ইসলাম সেতু ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় স্থানীয়রা পুলিশকে ঘিরে ধরে। একপর্যায়ে তারা হ্যান্ডকাপ পরা অবস্থায় তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ জানায়, অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার সময় ব্যবহৃত হ্যান্ডকাপও নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ ও আলোচনার মাধ্যমে গভীর রাতে পুলিশের দেওয়া চাবি ব্যবহার করে হ্যান্ডকাপ খুলে তা ফেরত দেওয়া হয়।

মুলাদী থানার ওসি মো. খন্দকার সোহেল রানা বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় পুলিশের করা একটি মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ছিলেন রাসেদুল ইসলাম সেতু ভূঁইয়া। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

তিনি আরও জানান, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার পৃথক একটি মামলা করেছেন। সেতু ভূঁইয়াসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তবে ওসি দাবি করেন, ঘটনার পরপরই পুলিশ হ্যান্ডকাপটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার