Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ইয়াবাসহ আটক আর্জেন্টিনার সমর্থকের জার্সি বদল নিয়ে তোলপাড়

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:১৯ পিএম

ইয়াবাসহ আটক আর্জেন্টিনার সমর্থকের জার্সি বদল নিয়ে তোলপাড়

বিজ্ঞাপন

ইয়াবা ট্যাবলেটসহ আটক আর্জেন্টিনার সমর্থককে এআই টুল ব্যবহার করে ব্রাজিল সমর্থক বানানোর অভিযোগ উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের বিরুদ্ধে। মাদক ব্যবসায়ীকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো ছবি প্রকাশ করেছে তাদের মিডিয়া সেলে।

এ ঘটনায় ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মাদককারবারিকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে পুনরায় তা প্রকাশ করা হয় মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলে।

বিষয়টি দুষ্টুমির ছলে করে ফেলেছেন বলে স্বীকার করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এসআই তানজিল আহমেদ।

এর আগে সোমবার (২৯ জুন) বিকাল পৌনে ৫টার দিকে নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় মাদককারবারি রাসেল হাওলাদারকে (৩৫)।

রাসেল পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাদশা হাওলাদার ও মিনারা দম্পতির ছেলে।

কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে মোহাম্মদপুর কলোনিতে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় ওই এলাকার মামুন মিয়ার ঘের সংলগ্ন এলাকার চিহ্নিত মাদককারবারি রাসেল হাওলাদারকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যান মুল মাদককারবারি আঁখি (৩২)। তিনি দক্ষিণ পলাশপুর এলাকার আবুল হোসেন হাওলাদারের মেয়ে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলায় আটক এবং পলাতক নারীকে আসামি করা হয়েছে।

এদিকে মাদক কারবারি রাসেলকে গ্রেফতারের সময় তার গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। থানা পুলিশ জার্সি পালটে তোলা ছবি বিএমপির মিডিয়া সেলে সরবরাহ করে। মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক তানজিল এআই টুল ব্যবহার করে মাদককারবারিকে ব্রাজিলের জার্সি পরিয়ে দেন। এমনকি গণমাধ্যমে পাঠানো ই-মেইলে জানানো হয় ব্রাজিল সমর্থক ইয়াবাসহ আটক হয়েছে। মিডিয়া উইংয়ের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের পক্ষ থেকে নগর পুলিশ কমিশনার আশিক সাঈদকে অবগত করা হলে পুনরায় সংশোধিত তথ্য প্রকাশ করে মিডিয়া উইং। পাশাপাশি এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

এ বিষয়ে বিএমপির মিডিয়া উইংয়ের এসআই তানজিল আমহেদ বলেন, বিষয়টি ইয়ার্কির ছলে ভুলবশত হয়ে গেছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার