Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মুহাম্মদ আবদুল মুহিত যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৬:২৯ পিএম

মুহাম্মদ আবদুল মুহিত যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার

বিজ্ঞাপন

যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন দেশের অভিজ্ঞ ক্যারিয়ার কূটনীতিক ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত। কূটনৈতিক সূত্র জানিয়েছে, তার নিয়োগ প্রায় চূড়ান্ত। তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞ এই কূটনীতিকের হাতে যুক্তরাজ্যে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনের দায়িত্ব অর্পণ করা হচ্ছে।

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সন্তান মুহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১১তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। ১৯৯৩ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালন করে নিজেকে দক্ষ, বিচক্ষণ ও আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য কূটনীতিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রীর নাম রুবি পারভীন। তাদের দুই কন্যাসন্তান রয়েছে। এছাড়া তিনি কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় ডিপ্লোমা অর্জন করেছেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শান্তিরক্ষা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের পক্ষে সক্রিয় ও কার্যকর নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসা অর্জন করেন।

জাতিসংঘে দায়িত্ব পালনকালে তিনি ২০২৪ সালে UNDP, UNFPA ও UNOPS-এর যৌথ নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হন। এছাড়া United Nations Peacebuilding Commission-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন, যা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে তার নেতৃত্বের সক্ষমতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

জাতিসংঘে দায়িত্ব পালনের আগে তিনি অস্ট্রিয়া ও ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। একই সঙ্গে হাঙ্গেরি, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, এস্তোনিয়া ও আইসল্যান্ডে বাংলাদেশের সমবর্তী (Concurrent) রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া ওয়াশিংটন ডিসি, রোম, দোহা, কুয়েত ও নিউইয়র্কে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক—উভয় ধরনের কূটনীতিতে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেন।

তার যুক্তরাজ্যে নিয়োগের খবরে দেশ-বিদেশে বিশেষ করে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের আশা, তার দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা, আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতৃত্বের দক্ষতা এবং বহুপাক্ষিক সম্পর্ক পরিচালনার সক্ষমতা বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করবে। পাশাপাশি প্রবাসীদের কনস্যুলার সেবার মানোন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধিতেও তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় মুহাম্মদ আবদুল মুহিতের অভিজ্ঞতা নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে ব্রেক্সিট-পরবর্তী বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক, বাণিজ্য, শিক্ষা, বিনিয়োগ ও অভিবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার