Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ডিসি সারওয়ার আলমকে কেন প্রত্যাহার? সিলেটসহ সারাদেশে তোলপাড়

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:১১ পিএম

ডিসি সারওয়ার আলমকে কেন  প্রত্যাহার? সিলেটসহ সারাদেশে তোলপাড়

বিজ্ঞাপন

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের সিদ্ধান্ত ঘিরে সিলেটসহ সারাদেশে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করার বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনের খবর প্রকাশের পরপরই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়। তবে সরকারি আদেশে প্রত্যাহারের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

২০২৫ সালের আগস্টে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহারের পর সারওয়ার আলম সিলেটের ডিসি হিসেবে দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি অবৈধ দখল উচ্ছেদ, ফুটপাত ব্যবস্থাপনা, বালু পাথর উত্তোলন নিয়ন্ত্রণ, পর্যটন এলাকাগুলোতে তদারকি ও প্রশাসনিক শৃঙ্খলা জোরদারসহ একাধিক উদ্যোগ নেন।

বিশেষ করে সিলেটের হজরত শাহজালাল (রহ.) এর মাজারে দানবাক্স ব্যবস্থাপনা ও সিসিটিভি স্থাপনসহ বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তিনি সাম্প্রতিক সময়ে আলোচনায় আসেন। এ ছাড়া নগরীর সরকারি সম্পত্তি ও মার্কেট সিলগালা, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ একাধিক অভিযানও পরিচালনা করেন তিনি।

সরকারি নথিতে বলা হয়েছে, তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তবে হঠাৎ এ সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে নানা ধরনের বিশ্লেষণ চলছে। স্থানীয়দের একাংশ মনে করছেন, তার কিছু কঠোর ও বিতর্কিত প্রশাসনিক পদক্ষেপের কারণেই এমন সিদ্ধান্ত এসেছে, যদিও এর পক্ষে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। একপক্ষ তাকে সাহসী ও জনবান্ধব প্রশাসক হিসেবে উল্লেখ করছেন, অন্যপক্ষ কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করছেন। প্রশাসনিক ও রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা থেকে অনেকে বিরত রয়েছেন।

সারওয়ার আলমের প্রত্যাহারকে কেন্দ্র করে সিলেটে চলমান আলোচনা এখনো জল্পনা অনুমানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার