Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

প্রেমের প্রলোভনে আটকে নির্যাতন, হানিট্র্যাপ চক্রের ৩ সদস্য আটক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

প্রেমের প্রলোভনে আটকে নির্যাতন, হানিট্র্যাপ চক্রের ৩ সদস্য আটক

বিজ্ঞাপন

গাজীপুরের টঙ্গীতে প্রেমের প্রলোভন দেখিয়ে যুবকদের ফাঁদে ফেলে আটকে রেখে মারধর ও অর্থ আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুই নারী ও এক পুরুষ রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানায় বৃহস্পতিবার (১৮ জুন) একটি মামলা করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুন টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা এলাকার কনসেপ্ট গার্মেন্টস-সংলগ্ন একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় ভিকটিম সালেহীন মিয়া (২৮) ও তার বন্ধু টিটু মিয়াকে এক নারী সদস্যের মাধ্যমে প্রলোভন দেখিয়ে ডেকে নেওয়া হয়। পরে সংঘবদ্ধ চক্রের সদস্যরা তাদের একটি কক্ষে আটকে রেখে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে টাকা দাবি করে। একপর্যায়ে ভিকটিমদের কাছ থেকে ৭৬ হাজার টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি একটি সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্র। চক্রটি এর আগেও একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।

মামলার পর তদন্ত কর্মকর্তা এসআই এস এম মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত পাঁচ সদস্যের চক্রের মধ্যে দুই নারী ও এক পুরুষ সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যেই আটক করা হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘হানিট্র্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায়কারী চক্রের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান পরিচালনা করে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পলাতক অন্য সদস্যদের আটকের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলমান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার