Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সিলেটে পৌঁছে সংসদ সদস্যদের প্রধানমন্ত্রীর প্রশ্ন, আজকে সংসদ নাই?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:০২ পিএম

সিলেটে পৌঁছে সংসদ সদস্যদের প্রধানমন্ত্রীর প্রশ্ন, আজকে সংসদ নাই?

বিজ্ঞাপন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছে এই অঞ্চলের সংসদ সদস্যদের বিমানবন্দরে দেখে তাদের দ্রুত সংসদে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নেতাকর্মীরা।

এসময় সিলেট ও হবিগঞ্জের সংসদ সদস্যদের বিমানবন্দরে দেখে অবাক হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে শোনা যায়, সংসদ নাই আজকে? সংসদে যান। আমি মৌলভীবাজার যাব আপনাদের এখানে কোনো কাজ নাই, আপনারা সংসদে যান।

এরপর বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওয়ানা হন তারেক রহমান। পথে চৌকিদেখি এলাকার লাক্কাতুড়া চা বাগানসংলগ্ন সড়কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান চা শ্রমিকরা। সবুজ চা বাগানের পটভূমিতে বৃষ্টিকে উপেক্ষা করে বাদ্যযন্ত্র বাজিয়ে এবং গাড়ির ওপর ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান তারা।

চৌকিদেখির পাশাপাশি নগরের আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া বিপুলসংখ্যক সাধারণ মানুষও সড়কের দুই পাশে অবস্থান নিয়ে হাত নেড়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার