Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

দুবাইতে যেভাবে গ্রেফতার হলেন আলোচিত আইজিপি বেনজীর

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৫৪ পিএম

দুবাইতে যেভাবে গ্রেফতার হলেন আলোচিত আইজিপি বেনজীর

বিজ্ঞাপন

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটি পুলিশ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে। ইন্টারপোলের সহায়তায় এই গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে দুদক কর্তৃপক্ষকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের হিসাব গোপন ও অর্থ পাচারের অভিযোগে মামলাটি দায়ের করা হয় । তদন্তে দেখা যায়, ঘোষিত আয়ের উৎসের চেয়ে প্রায় ১১০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের মালিক তিনি ।

২০২৬ সালের ৮ মার্চ ঢাকার একটি আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন । এ সময় তাকে বিদেশে অবস্থানরত উল্লেখ করে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা কার্যকরের নির্দেশ দেওয়া হয় । এরই প্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ বেনজীরকে গ্রেপ্তার করে।

প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছুদিন ধরে বেনজীর আহমেদ বিদেশে অবস্থান করছিলেন। গত বছরের ৪ মে তিনি তার স্ত্রী ও মেয়েদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন । এরপর থেকে তিনি বিভিন্ন দেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছিল। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায়ও সম্পদ খোঁজার প্রক্রিয়া চলছিল ।

বর্তমানে বেনজীর আহমেদ দুবাই পুলিশের হেফাজতে আছেন। তাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে দুদক। উল্লেখ্য, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদকের মামলায় ইতোমধ্যে পাঁচজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড হয়েছে । আগামী ২৩ জুন পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিলে আইজিপির দায়িত্ব পান। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাকে যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার