বিজ্ঞাপন
ফ্ল্যাটে চিকিৎসকের ছেলের লাশ, চিরকুটে যা লেখা ছিল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৩:৫২ এএম
বিজ্ঞাপন
সিলেট নগরের সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি ফ্ল্যাট থেকে মাহাদি আনজুম (১৫) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ কক্ষ থেকে একটি সুইসাইড নোট (চিরকুট) পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ফাজিলচিশতের ১৩/৩ নম্বর বাসার চতুর্থতলার ফ্ল্যাটে পড়ার কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
মৃত মাহাদি সিলেটের বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রুলী বিনতে রহিম ও প্রয়াত মিসবাহ উদ্দিন দম্পতির ছেলে। সে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
লাশ উদ্ধারের সময় ওই কক্ষ থেকে ইংরেজিতে লেখা একটি সুইসাইড নোট বা চিরকুট জব্দ করেছে বিমানবন্দর থানা পুলিশ। চিরকুটে লেখা ছিল- ‘আমার মৃতদেহের দোহাই লাগে, দয়া করে কোনো ময়নাতদন্ত করবেন না কিংবা এটা নিয়ে খুব বেশি তদন্ত করবেন না; আমি নিজের ইচ্ছায় আত্মহনন করেছি, এর পেছনে অন্য কোনো কারণ নেই।’
চিরকুটে আরও উল্লেখ ছিল, ‘আপনারা যদি যথেষ্ট দয়াবান হয়ে থাকেন, তবে আমার জন্য কোনো শেষকৃত্যের (জানাজা/দাফন) আয়োজন করবেন না এবং যত দ্রুত সম্ভব আমাকে ভুলে যাবেন।’
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বিমানবন্দর থানার ওসি শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে, তবে চিরকুটে ময়নাতদন্ত না করার অনুরোধ থাকলেও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। কিশোর শিক্ষার্থীর এ আত্মহত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।