Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বদলি আদেশের পাঁচ মাস পরও পদে বহাল, যা বলছে মন্ত্রণালয়

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:১৭ পিএম

বদলি আদেশের পাঁচ মাস পরও পদে বহাল, যা বলছে মন্ত্রণালয়

বিজ্ঞাপন

কৃষি মন্ত্রণালয়ের জারি করা এক বদলির আদেশ দীর্ঘ সময়েও বাস্তবায়িত না হওয়ায় একজন কর্মকর্তার নতুন কর্মস্থলে যোগদান অনিশ্চয়তায় পড়েছে। 

সংশ্লিষ্ট সূত্র বলছে, আদেশ অনুযায়ী একজন কর্মকর্তাকে বদলি করা হলেও তিনি এখনো পূর্বের পদে বহাল থাকায় তার স্থলাভিষিক্ত হিসেবে পদায়ন পাওয়া আরেক কর্মকর্তা দায়িত্ব গ্রহণ করতে পারেননি।

কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখা থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুই কর্মকর্তার বদলির নির্দেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত উপপরিচালক (ফুল ও ফল) পদে কর্মরত মো. আবদুল্লাহ আল মাহমুদকে উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের অতিরিক্ত উপপরিচালক (আমদানি) পদে এবং ওই পদে কর্মরত বনি আমিন খানকে অতিরিক্ত উপপরিচালক (ফুল ও ফল) পদে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তবে আদেশ জারির পরও বনি আমিন খান এখনো আগের দায়িত্বেই বহাল রয়েছেন।

ফলে বদলিকৃত পদে মো. আবদুল্লাহ আল মাহমুদের যোগদান প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। এতে প্রশাসনিক কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

মো. আবদুল্লাহ আল মাহমুদ বলেন, আমার বদলির আদেশ জারি হলেও কিন্তু যেখানে যোগদান করব সেখানে কর্মকর্তা এখনো স্বপদে বহাল। তাই যোগদান করতে পারছি না। তবে বনি আমিন খানের মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, সরকারি বদলির আদেশ কার্যকর না হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একজন কর্মকর্তার পদায়ন কাগজে-কলমে হলেও বাস্তবে দায়িত্ব গ্রহণ করতে না পারায় প্রশাসনিক শৃঙ্খলা ও বদলি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম জানান, বনি আমিন খান যেহেতু বদলি হয়েছেন এ কারণে তার যোগদান করার কথা ছিল। কিন্তু তিনি তা করেননি। এতে কোনো ব্যবস্থা নেওয়ার থাকলে তা মন্ত্রণালয়ই নেবে। 

এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ এনামুল হক বলেন, এ আদেশ বাস্তবায়ন করার কথা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। তিনি এই কর্মকর্তার নাম শুনে বলেন, ‘ঠিক আছে আমি দেখছি।’

প্রশাসন বিশেষজ্ঞরা মনে করেন, সরকারি বদলির আদেশ জারির পর তা বাস্তবায়ন না করা আইনের লঙ্ঘন। সে আলোকে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার