বিজ্ঞাপন
ঝড়ে পড়ে যাওয়া গাছ আবার দাঁড়িয়ে গেল! মানুষের ভিড়, চলছে মানত
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:৩১ পিএম
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে ঝড়ে উপড়ে পড়ে যাওয়া একটি গাছকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঝড়ে পড়ে যাওয়ার পর গাছটির ডালপালা কাটার একপর্যায়ে সেটি আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে প্রতিদিন শত শত মানুষ গাছটি দেখতে ভিড় করছেন। কেউ মানত করছেন, কেউ আগরবাতি ও মোমবাতি জ্বালাচ্ছেন, আবার কেউ গাছের শিকড় ও ছাল সংগ্রহ করছেন ‘ওষুধি গুণ’ রয়েছে এমন বিশ্বাসে।
সরেজমিনে দেখা যায়, ডালপালাহীন গাছটির একটি অংশ মাটিতে দাঁড়িয়ে রয়েছে। গাছের চারপাশে লাল কাপড় বাঁধা হয়েছে এবং বিভিন্ন ধরনের নিশানা টানানো হয়েছে। স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে অলৌকিক বলে মনে করছেন। তাদের ভাষ্য, এটি মহান সৃষ্টিকর্তার বিশেষ কুদরতের নিদর্শন।
মুন্সী বাড়ির সদস্য শারমীন সুলতানা জানান, প্রায় দেড় মাস আগে একটি ঝড়ে গাছটি উপড়ে পড়ে যায়। পরে গাছ কাটার সময় ডালপালা আলাদা করার পর হঠাৎ করেই সেটি সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তিনি দাবি করেন, পুরো ঘটনাটি তিনি নিজের চোখে দেখেছেন।
পরিবারের আরেক সদস্য আবুল বাশার মুন্সী বলেন, “গাছটি আমার এক ভাতিজার। ঝড়ে পড়ে যাওয়ার পর সেটি বিক্রি করা হয়েছিল। কাঠ কাটার সময় হঠাৎ আবার দাঁড়িয়ে যায়। এটা আল্লাহর কুদরত ছাড়া অন্য কিছু নয়।”
গাছটির মালিক মাহবুব মুন্সী বলেন, “আল্লাহই ভালো জানেন কীভাবে কী হয়েছে। তবে ঘটনাটি জানার পর থেকে প্রতিদিন বহু মানুষ এখানে আসছেন। কেউ আগরবাতি জ্বালান, কেউ মোমবাতি দেন। অনেকেই গাছের শিকড় নিয়ে যাচ্ছেন। তাদের বিশ্বাস, এতে নানা রোগব্যাধি ভালো হবে।”
তবে বিষয়টির একটি ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন গাছ কাটার কাজে যুক্ত কাঠুরিয়া মো. আমিন মিয়া। তার মতে, গাছটি ঝড়ে শিকড়সহ উল্টে পড়েছিল। পরে ডালপালা কেটে ফেলার কারণে ওজনের ভারসাম্য পরিবর্তন হয় এবং গাছের অবশিষ্ট অংশ আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়।
তিনি বলেন, “গোড়ার কয়েক ইঞ্চি অংশ কেটে দিলে গাছটি আবার পড়ে যাবে। এখানে জিন-ভূত বা অলৌকিক কিছু নেই। মানুষের কৌতূহল থেকেই ভিড় বাড়ছে।”
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। কেউ এটিকে প্রকৃতির স্বাভাবিক ঘটনা বলে মনে করছেন, আবার কেউ দেখছেন রহস্যময় বা অলৌকিক দৃষ্টিতে। তবে যেভাবেই দেখা হোক না কেন, আখাউড়ার বচিয়ারা গ্রামের এই গাছ এখন স্থানীয় মানুষের আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।