Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:৩২ পিএম

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিজ্ঞাপন

হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল সমর্থকদের দল ২-০ গোলে পরাজিত হওয়ার পর মাইকে দেওয়া একটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

তবে আগের দিনের বিরোধের জেরে বুধবার দুপুরে দুই পক্ষের লোকজন ফের তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার