Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ১০:৪৯ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

বিজ্ঞাপন

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে আর কোরবানি করা হচ্ছে না। বিরল প্রজাতির মহিষটিকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে এটিকে আবার খামারে নিয়ে লালন-পালন করা হবে বলে জানা গেছে। কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে মহিষটি বিকেলে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি গণমাধ্যমকে জানান, জননিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত মহিষটিকে লালন-পালন করা হবে।

বুধবার (২৭ মে) বিকেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুলিশ গরুটির মালিক মনিরুজ্জামানের বাড়িতে উপস্থিত হয়। বিরল প্রজাতির মহিষটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে কোরবানি না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহিষটি আর কোরবানি করা যাবে না। এটিকে আপাতত থানায় নিয়ে যেতে বলেছে।

এ ব্যাপারে মহিষটির মালিক মনিরুজ্জামান বলেন, ‘মহিষটি রোজার ঈদের ১০ দিন পরে কিনেছিলাম। তিন দিন আগে মহিষটিকে খামার থেকে বাড়িতে আনি। আজ বিকেলে থানা থেকে লোক এসে বলেছে, মহিষটি বিরল প্রজাতির প্রাণী হওয়ায় মহিষটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে। এটা সরকারের সিদ্ধান্ত, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। সরকার চেয়েছে, আমরা দিয়ে দিলাম।’

মহিষের পরিবর্তে কী দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে মনিরুজ্জামান বলেন, ‘সরকার বলেছে, আমাদের যা দাম আছে, সে টাকা দিয়ে দেবে, না হয় কোরবানির জন্য গরু দিয়া দেবে।’

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ বলেন, ‘মহিষটিকে মালিকের বাসা থেকে থানায় আনা হয়েছে। এটি বিরল প্রজাতির প্রাণী হওয়ায় এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।’

এর আগে অ্যালবিনো জাতের এ মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। আর এই ব্যতিক্রমী নামই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই এনে দেয় ব্যাপক পরিচিতি।

প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি ভাইরাল হওয়ার আগেই কেরানীগঞ্জের জিনজিরা এলাকার মো. মনিরুজ্জামান প্রতি কেজি ৫৫০ টাকা দরে কিনে নেন। পরে মহিষটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় একনজর দেখতে ভিড় করে নানা বয়সী মানুষ। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয় এই ব্যতিক্রমী মহিষটি। এএফপি, রয়টার্সসহ বিভিন্ন বিশ্বমাধ্যমে প্রকাশিত হয় এ খবর, যা একে এনে দেয় বৈশ্বিক পরিচিতি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার