Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে

আদ-দ্বীনে মারা যাওয়া শিশুদের বয়স ১ থেকে ২ দিন

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০১:৩০ পিএম

আদ-দ্বীনে মারা যাওয়া শিশুদের বয়স ১ থেকে ২ দিন

বিজ্ঞাপন

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ছয় শিশুর বয়স এক থেকে দুই দিন হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা সবাই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল।

ওই ওয়ার্ডে ১১ জন মা ও ছয় সদ্যোভূমিষ্ঠ শিশু ছিল। 

এদিকে মারা যাওয়া শিশুদের স্বজনদের দাবি—মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।  

এক শিশুর দাদি কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, চিকিৎসকেরা যদি পরিস্থিতি সামাল দিতে না পারেন, তাহলে তাদের অন্য হাসপাতালে যেতে বলা উচিত ছিল। 

তিনি জানান, তার নাতনিকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানানো হয়।

ওষুধ কেনার জন্য কয়েক হাজার টাকা খরচও করানো হয়। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর গিয়ে জানতে পারেন, শিশুটি আর বেঁচে নেই।

তিনি আরো অভিযোগ করেন, রাতে ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স ছিলেন না। শিশুরা সারা রাত কান্না করছিল এবং একে একে অসুস্থ হয়ে পড়ছিল।

হাসপাতালে মারা যাওয়া এক শিশুর মা বলেন, রাতে ওয়ার্ডের প্রায় সব শিশুই কান্না ও বমি করছিল। আমরা কেউ-ই বুঝতে পারেনি কী ঘটছে। সকালে শিশুর অবস্থা খারাপ হলে তাকে বাইরে নেওয়া হয়। পরে এনআইসিইউতে নেওয়ার পর চিকিৎসকেরা প্রথমে আশ্বস্ত করলেও কিছু সময়ের মধ্যেই শিশুটির মৃত্যুর খবর দেওয়া হয়।

তিনি জানান, ওয়ার্ডে প্রায় ১২ থেকে ১৩টি শিশু ছিল এবং তার ধারণা, অধিকাংশ শিশুই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল।

হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল বলেন, রাতে ঘটনাটি ঘটেছে। হাসপাতালে গিয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে এসির গ্যাস লিকেজে ছয় শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করলেও এখনো সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

ডিএমপির রমনা বিভাগের ডিসি শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন পুলিশ সদস্যরা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার