বিজ্ঞাপন
আসলেই কি কোলকাতা এসেছেন শেখ হাসিনা? যা জানা গেল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৩:২৩ পিএম
বিজ্ঞাপন
২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার বিষয়টি সামাজিকমাধ্যমে আলোচনা হচ্ছে। এরমধ্যেই বাংলাদেশে ঢুকতে ভারতের দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন দাবিতে একটি সংবাদ ভিডিও প্রচার করা হয়েছে।
তবে তথ্য যাচাইয়ে দেখা গেছে ভিডিওতে প্রচারিত সংবাদটি ৬ বছর পুরোনো।
ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ ১৮ বাংলার’ স্টুডিও থেকে প্রচারিত একটি সংবাদ সম্পাদনা করে প্রচার করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটি পেজ থেকে ভিডিওটি সর্বপ্রথম পোস্ট করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৭০ হাজারের কাছাকাছিবার দেখা হয়েছে। এছাড়াও পোস্টটিতে অর্ধশতাধিক মন্তব্যের পাশাপাশি ৫ শতাধিকবার পুনরায় শেয়ার করা হয়েছে। সংবাদটি সাম্প্রতিক ধরে নিয়ে অনেক নেটিজেনকে সেখানে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে।
তবে প্রচারিত ভিডিওটির কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ২০১৯ সালের ২২ নভেম্বর ইউটিউবে প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। এতে প্রচারিত ভিডিওটি থেকে জানা যায়, ভারত-বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো আয়োজিত দিবারাত্রি গোলাপি বলের টেস্ট ক্রিকেট দেখতে কলকাতায় যান শেখ হাসিনা। সেসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে যান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম।
অন্যদিকে, দাবিকৃত সংবাদটিতে একপর্যায়ে উপস্থাপিকা দেবপ্রিয় দত্ত মজুমদার নামে একজন প্রতিবেদককে টেলিফোনে সংযুক্ত করেন। টেলিফোন কল দাবিতে প্রচারিত অডিওটিতে বলতে শোনা যায়, “এতোদিন শেখ হাসিনা অন্য একটি জায়গায় ছিলেন, বাংলাদেশে আগামী মাসেই ঢুকবেন এজন্য তিনি কলকাতায় এসে অবস্থান নিয়েছেন।” তবে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ বাংলায় প্রকাশিত আসল সংবাদে তাকে টেলিফোনে বিমানবন্দরে সার্বিক পরিস্থিতি জানাতে শোনা যায়। অর্থ্যাৎ নতুন প্রেক্ষাপটে প্রচারিত ভিডিওটিতে ভিন্ন একটি অডিও বসানো হয়েছে।
অর্থ্যাৎ, বাংলাদেশে ঢুকতে শেখ হাসিনা ভারতের দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন দাবিতে প্রচারিত সংবাদটি বিভ্রান্তিকর। ২০১৯ সালে গোলাপি বলের টেস্ট ক্রিকেট দেখতে কলকাতা যাওয়ার সংবাদ সম্পাদনা করে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে এতে।