বিজ্ঞাপন
ট্রাফিক জরিমানার ভুয়া এসএমএস, সতর্ক করল ডিএমপি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০১:২৯ পিএম
বিজ্ঞাপন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ট্রাফিক জরিমানার এসএমএস পাঠিয়ে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে নগরবাসীকে বিভ্রান্ত বা প্রতারিত না হওয়ার জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে ডিএমপি।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ স্পষ্ট জানিয়েছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বা ব্যক্তিগত নম্বরে আসা এই ধরনের এসএমএস সম্পূর্ণ বানোয়াট ও অসত্য।
একই সাথে ট্রাফিক এআই (AI) ও ভিডিও মামলার প্রকৃত নিষ্পত্তি প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরেছে ডিএমপি। আসল মামলা ও জরিমানা আদায়ের নিয়মগুলো নিচে দেওয়া হলো:
১. ডাকযোগে অফিসিয়াল পত্র প্রেরণ
ডিএমপি'র ট্রাফিক বিভাগ কর্তৃক সড়ক পরিবহন আইন, ২০১৮ অমাণ্যকারী যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হলে, গাড়ির মালিকের ঠিকানায় সংশ্লিষ্ট বিভাগের বা ট্রাফিক টেকনিক্যাল ইউনিটে দায়িত্বপ্রাপ্ত অফিসারের স্বাক্ষরযুক্ত একটি অফিসিয়াল পত্র পাঠানো হয়।
২. নির্ধারিত মোবাইল নম্বর
ডিএমপি ট্রাফিক বিভাগ থেকে প্রয়োজনে কেবল মাত্র দুটি নির্ধারিত মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠানো হবে। নম্বর দুটি হলো:
০১৩২০-০৪২২০৭ * ০১৩২০-০৪২২২৭ এই দুটি নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে আসা ট্রাফিক মামলার এসএমএস গ্রহণযোগ্য নয়।
৩. অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জরিমানা পরিশোধ
ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক জরিমানাকৃত অর্থ কেবল মাত্র নির্দিষ্ট অনলাইন ব্যাংকিং মাধ্যম ‘উপায়’ (Upay) এবং ‘সিবিবিএল’ (CBBL)-এর মাধ্যমে পরিশোধ করা যায়।
৪. ওটিপি বা পিন নম্বর চাওয়া হয় না
ডিএমপি’র ট্রাফিক বিভাগ কখনই কোনো নাগরিকের কাছে কোনো ধরনের পিনকোড (PIN), পাসওয়ার্ড বা ওটিপি (OTP) জানতে চাইবে না। প্রতারক চক্র এই ধরনের তথ্য চাইলে তা না দেওয়ার জন্য কঠোরভাবে অনুরোধ করা হয়েছে।
ট্রাফিক এআই/ভিডিও মামলা সংক্রান্ত যেকোনো তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য সরাসরি ডেল্টা-৩, মোবাইল নম্বর: ০১৩২০-০৪২২০৭, ০১৩২০-০৪২২২৭ অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার জন্য ডিএমপি’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।