Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বাংলাদেশি ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১১:৪৯ এএম

বাংলাদেশি ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল আজহার আগে পশুর হাটে ক্রেতা আকর্ষণের দৌড়ে সবাইকে ছাড়িয়ে এখন আলোচনায় নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’। বিরল গোলাপি রঙের এই মহিষের ওজন প্রায় ৭০০ কেজি। নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নামানুসারে।

অনেকের মতে, মহিষটির কপালে ঝুলে থাকা সোনালি-লালচে চুল মার্কিন নেতার ট্রেডমার্ক চুলের ছাঁটের প্রতিচ্ছবি। আর এ কারণেই মহিষটি এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়ে উঠেছে।

শুক্রবার (২২ মে) সংবাদ সংস্থা রয়টার্স মহিষটিকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের শিরোনাম ছিল—বাংলাদেশের বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন ঈদের সেনসেশন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত বাংলাদেশের মানুষ কালো রঙের মহিষ দেখতেই অভ্যস্ত। তবে এই এলবিনো জাতের মহিষটির গায়ের রং ক্রিমের মতো হালকা গোলাপি এবং এর কপালে রয়েছে একগুচ্ছ সোনালি চুল। এই চুলের স্টাইলটি হুবহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার হেয়ারস্টাইলের কথা মনে করিয়ে দেয়।

প্রতিবেদনে উঠে এসেছে, এই অদ্ভুত মিলের কারণেই মহিষটির নাম আদর করে রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। দূর-দূরান্ত থেকে প্রতিদিন শত শত মানুষ এই সেলিব্রিটি মহিষটির সঙ্গে সেলফি তুলতে এবং ভিডিও করতে খামারে ভিড় জমাচ্ছেন।

শুধু রয়টার্স নয়, এর আগেও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পেয়েছে আলোচিত এই মহিষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট ও দ্য টেলিগ্রাফ, ভারতের হিন্দুস্তান টাইমস ও নিউজ এইটিনসহ বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইর্য়ক পোস্ট শিরোনাম করেছে— ‘ট্রাম্প’ নামের বিরল মহিষটি আকর্ষণীয় সোনালি চুলের স্টাইলের জন্য ব্যাপক ভাইরাল হয়েছে। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স২৪ শিরোনাম করেছে— বাংলাদেশ: ‘ডোনাল্ড ট্রাম্প’ বিরল মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা হয়ে উঠেছে।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এর মালিক জিয়াউদ্দিন জানিয়েছেন, তার ছোট ভাই একদিন শখ করে মহিষটির চুল দেখে ট্রাম্পের সঙ্গে তুলনা করে এই নাম দেয়। মজার ছলে রাখা সেই নাম যে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হবে, তা তারা ভাবেননি।

বাংলাদেশে কোরবানির পশুর নাম সেলিব্রিটি বা আলোচিত ব্যক্তিদের নামে রাখাটা ট্রেন্ডে পরিণত হয়েছে। মূলত ক্রেতা আকর্ষণের জন্যই এই নামকরণের পথে হাঁটছেন খামারিরা। তবে এবারের ঈদে সব আলোচনা ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নারায়ণগঞ্জের এই গোলাপি মহিষটি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার