Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বেসরকারি চাকরিজীবীদের ভাগ্য বদলাচ্ছে, আসছে বড় সুখবর!

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৩:১৮ পিএম

বেসরকারি চাকরিজীবীদের ভাগ্য বদলাচ্ছে, আসছে বড় সুখবর!

বিজ্ঞাপন

দেশের বেসরকারি খাতের চাকরিজীবীদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে একটি সমন্বিত ‘বেসরকারি সার্ভিস রুলস’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই বিধিমালা তৈরির প্রাথমিক কাজ শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মাধ্যমে বেসরকারি খাতে ন্যূনতম বেতন, কর্মঘণ্টা, নিয়োগপত্র বাধ্যতামূলক করা ও চাকরির স্থায়িত্বের আইনি ভিত্তি নিশ্চিত করা হবে। গত ১০ মে সচিবালয়ে এ বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে কর্মরত মোট ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার মানুষের মধ্যে ৬৬ দশমিক ৪ শতাংশই কাজ করছেন বেসরকারি খাতে। বর্তমানে ৪৭টি খাতে সরকার ন্যূনতম মজুরি নির্ধারণ করলেও অনেক ক্ষেত্রে কর্মীরা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি এবং উবার, পাঠাও বা ফুডপান্ডার মতো অনলাইন প্ল্যাটফর্মভিত্তিক প্রতিষ্ঠানের কর্মীদের সুরক্ষায় নির্দিষ্ট কোনো নীতিমালা নেই। বিদ্যমান আইনে কর্মীদের স্বার্থ সুরক্ষায় ঘাটতি থাকায় নতুন বিধিমালা যুক্ত করার পক্ষে মত দিয়েছে শ্রম মন্ত্রণালয়।

এই বিধিমালা তৈরির লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা জামানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, চেম্বার ও বিভিন্ন সংগঠনের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মতামত জানাতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ১৫ কার্যদিবস সময় দিয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সব পক্ষের মতামতের ভিত্তিতে বিদ্যমান শ্রম আইন ও বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হবে। নতুন বিধি অনুযায়ী কোনো কর্মী বঞ্চিত হলে তিনি শ্রম মন্ত্রণালয়ের ট্রাইব্যুনালে প্রতিকার চাইতে পারবেন।

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি ফজলুল হক মনে করেন, সমন্বিত সার্ভিস রুলস করা ইতিবাচক হলেও বেসরকারি খাতের বহুমুখী কাঠামোর কারণে অভিন্ন বিধিমালা তৈরি করা বেশ চ্যালেঞ্জিং। এ কারণে সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এটি করার ওপর জোর দিয়েছেন তিনি। নতুন এই বিধিমালা বাস্তবায়নের দায়িত্ব শ্রম মন্ত্রণালয়কে দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার