Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বিদ্যুতের দাম পাইকারি ও খুচরা পর্যায়ে কত বাড়তে পারে

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:০৬ এএম

বিদ্যুতের দাম পাইকারি ও খুচরা পর্যায়ে কত বাড়তে পারে

বিজ্ঞাপন

বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার বৃদ্ধির প্রস্তাবের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, ভোক্তা অধিকার ও শিল্প খাত সংশ্লিষ্ট প্রতিনিধিরা। 

তারা বলেছেন, বিদ্যুতের দাম বাড়ানো হলে সব ধরনের পণ্য উৎপাদন ব্যয় বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে।

একই সঙ্গে শিল্প খাত আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে ও দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।

গতকাল বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত দুই দিনব্যাপী গণশুনানির প্রথম দিন বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে তীব্র বিরোধিতা করে এসব কথা বলেন বক্তারা। শুনানিতে দেশের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের দায়িত্বে থাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে দেশের ছয়টি বিতরণ কম্পানি খুচরা পর্যায়ে বিভিন্ন শ্রেণির গ্রাহকের জন্য ১৫ থেকে ২৯ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির আবেদন জমা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্যহার নিয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গতকাল শুনানিতে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাংগঠনিক সম্পাদক ড. সৈয়দ মিজানুর রহমান বলেন, “বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হলে বিইআরসি ‘গণশত্রুতে’ পরিণত হবে। মূল্যবৃদ্ধির পক্ষে বারবার বলা হচ্ছে সরকারকে ভর্তুকি দিতে হবে। কিন্তু সরকার তো জনগণের টাকাতেই ভর্তুকি দেয়। সবাই সরকারের মুনাফার কথা ভাবছে, অথচ মানুষের কষ্টের কথা কেউ ভাবছে না।”

তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে অনেক কিছু পরিবর্তন হলেও বিইআরসিতে কোনো পরিবর্তন আসেনি। কমিশন বলছে, আইন অনুযায়ী তাদের ক্ষমতা নেই। কিন্তু যেখানে সংবিধান পরিবর্তনের আলোচনা হতে পারে, সেখানে বিইআরসি আইন পরিবর্তন অসম্ভব নয়।’ বিইআরসি জনগণের পক্ষ না নিয়ে অবৈধ প্রস্তাবদাতাদের পক্ষ নিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া বলেন, “এই মুহূর্তে বিদ্যুতের মূল্যবৃদ্ধি হবে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। বর্তমানে দেশের রপ্তানি খাত নিম্নমুখী অবস্থায় রয়েছে। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হলে শিল্প খাত আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা হারাবে।”

তিনি বলেন, ‘একসময় তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ চীনের পরেই ছিল। কিন্তু ধীরে ধীরে সেই অবস্থান দুর্বল হয়ে যাচ্ছে। তাই কোনো অবস্থাতেই বিদ্যুতের মূল্যহার বাড়ানোর সুযোগ নেই।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘বিদ্যুতের দাম বাড়লে শিল্প-কারখানার উৎপাদন খরচ বেড়ে যাবে এবং ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। তাই মূল্যবৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ‘সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছিল। এরপর গত দুই বছরের বেশি সময় বিদ্যুৎ উৎপাদনের মূল জ্বালানি গ্যাস, কয়লা ও তরল জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে ডিজেলভিত্তিক কেন্দ্র চালু না থাকলেও এইচএফওভিত্তিক কেন্দ্র পরিচালনা করতে হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনকারী সরকারি ও বেসরকারি কম্পানিগুলোকে জ্বালানির মূল্য অনেক ক্ষেত্রে ডলারে পরিশোধ করতে হয়। ডলারের মূল্যবৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে।’

তিনি বলেন, ‘অনেকে দাবি করছেন বাংলাদেশ ৭০ শতাংশ বিদ্যুৎ আমদানি করে, বাস্তবে তা সঠিক নয়। বর্তমানে প্রায় ১৫ থেকে ১৬ শতাংশ বিদ্যুৎ ভারত থেকে আমদানি করা হয়, বাকি বিদ্যুৎ দেশীয়ভাবে উৎপাদিত। দেশীয় উৎপাদনেও আমদানিনির্ভর জ্বালানি ব্যবহার করতে হয়। আমদানিকৃত বিদ্যুতের ক্ষেত্রেও বিদ্যমান ট্যারিফ কাঠামোর তুলনায় বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে।’

বিপিডিবির চেয়ারম্যান বলেন, প্রস্তাবিত মূল্যবৃদ্ধির লক্ষ্য কোনোভাবেই পুরো খাতকে ব্রেক-ইভেনে নেওয়া নয়। বরং বিপুল ভর্তুকির একটি অংশ সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে। তাঁদের হিসাবে বিদ্যুৎ খাতে ঘাটতির পরিমাণ প্রায় ৬৫ হাজার কোটি টাকা, আর বিইআরসির হিসাবে তা প্রায় ৬২ হাজার কোটি টাকা। প্রস্তাবিত সমন্বয়ের মাধ্যমে হয়তো মোট ভর্তুকির এক-পঞ্চমাংশ বা এক-চতুর্থাংশ কমানো সম্ভব হবে, কিন্তু বাকি অংশ সরকারকেই বহন করতে হবে।

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, বর্তমান বিদ্যুৎ নীতিমালায় কিছু পরিবর্তনের প্রয়োজন রয়েছে এবং সরকার এ বিষয়ে কাজ করছে। বিপিডিবির দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনা জরুরি। বিশেষ করে বিদ্যুৎ খাতে কর্মরত প্রকৌশলীদের প্রচলিত ধারণা বদলাতে হবে, কারণ বিশ্বব্যাপী বিদ্যুৎ উৎপাদনের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিইআরসির চেয়ারম্যান বলেন, বাংলাদেশ যদি সৌরবিদ্যুতের দিকে এগোতে পারে এবং বিপিডিবি এ খাতে সহযোগিতামূলক ভূমিকা পালন করে, তাহলে ভবিষ্যতে বিদ্যুতের উৎপাদন ব্যয় কমে আসবে। এতে জনগণের ওপর বিদ্যুতের মূল্যজনিত চাপও হ্রাস পাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার