বিজ্ঞাপন
সপ্তাহে ৩ দিন কলা-আপেল খায় ৪০ মণের বাহারাম বাদশা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২০ মে ২০২৬, ০১:০০ এএম
বিজ্ঞাপন
কালো কুচকুচে বিশাল দেহের অধিকারী এই ষাঁড়টির নাম বাহারাম বাদশা। এবারের কোরবানির ঈদকে সামনে রেখে মোটাতাজা করেছেন খামারি মনিরুল ইসলাম। ৪০ মণের এই বাহারাম বাদশার প্রিয় খাবার হলো কলা ও আপেল। সপ্তাহে ২ থেকে ৩ দিন তাকে কলা ও আপেল খাওয়ান এই খামারি।
পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছোট গুয়াখড়া গ্রামের খামারি মনিরুল ইসলাম। কোরবানির ঈদকে সামনে রেখে এক বছর আগে একটি ষাঁড় কিনে লালন পালন শুরু করেন।
তিনি জানান, নিজেদের পছন্দ অনুযায়ী ষাঁড়টির নাম দিয়েছেন বাহারাম বাদশা। বর্তমানে তার সম্পূর্ণ ওজন ৪০ মণ। আর পরিমাপ অনুযায়ী মাংস মিলবে ২৫ মণ। দাম চাচ্ছেন ২৫ লাখ টাকা।
মনিরুল জানান, বাহারাম বাদশাকে সপ্তাহে দুই তিনদিন কলা ও আপেল খাওয়ান তিনি। এছাড়া কাঁচা ঘাসও তার খুব পছন্দ। মনিরুলের আশা, বাড়ি থেকেই ষাঁড়টি বিক্রি করার। কেউ যদি কিনতে চান তাহলে তার বাড়িতে গিয়ে দেখতে পারেন। এবারের ঈদের হাটে বাহারাম বাদশাকে বিক্রি করে লাভের মুখ দেখতে চান মনিরুল।
মনিরুল বলেন, এক বছর ধরে ছেলের মতো আদর যত্নে লালন পালন করে বড় করেছি। প্রিয় ষাঁড়টি বিক্রি হবার পর যখন নিয়ে যাবে তখন আমাদের সবারই কষ্ট হবে। তারপরও কিছু করার নেই। বিক্রি তো করতেই হবে।