বিজ্ঞাপন
কাউন্টারে না গিয়ে মিলবে বাসের আগাম টিকিট, সংগ্রহ করবেন যেভাবে
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:০৬ পিএম
বিজ্ঞাপন
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (৮ মে) সকাল থেকেই বিভিন্ন বাস কোম্পানি অনলাইন ও কাউন্টার উভয় মাধ্যমেই টিকিট বিক্রি করছে।
জানা গেছে, এবার ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। অর্থাৎ ৮ মে থেকেই যাত্রীরা ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত বিভিন্ন রুটের বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারছেন।
অনলাইনে টিকিট কেনার নিয়ম
অনলাইনে বাসের টিকিট কেনার জন্য বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট বা অ্যাপ রয়েছে। এসব অ্যাপের রেজিস্ট্রেশন প্রক্রিয়া একই রকম। ক্রেতা চাইলে ওয়েবসাইট অথবা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামিয়ে টিকিট কাটতে পারেন। তবে এক্ষেত্রে প্রয়োজন হবে এনআইডি নম্বর, মোবাইল নম্বর।
ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশের পর যে পেজ আসবে, সেখানে কোথায় থেকে গন্তব্য কোথায় এবং যাত্রার তারিখ উল্লেখ করতে হবে। এরপর সার্চ বাস অপশনে ক্লিক করতে হবে। নতুন পেজে বাসের নাম ও ছাড়ার সময় এবং মূল্য কত তা দেখাবে। পরে পছন্দের বাস সিলেক্ট এবং আসন সিলেক্ট করে নিতে হবে।
যে আসনগুলো বুকিং হয়ে গেছে সেগুলো লাল অথবা কালো রং দেখাবে এবং যেগুলো এখনো ফাঁকা রয়েছে সেগুলো সবুজ অথবা সাদা রং দেখাবে। পছন্দ ও প্রয়োজন অনুযায়ী আসন নির্বাচন করতে হবে। এরপর যাত্রীর বিস্তারিত তথ্য দিতে হবে।
অনলাইন পেমেন্ট
আসন চূড়ান্তভাবে নির্বাচনের পর ই-ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে টাকা পেমেন্ট করা যাবে। তবে আসন নির্বাচনের ৩০ মিনিটের মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
পেমেন্ট সম্পূর্ণ করার পর টিকিট ডাউনলোডের অপশন চলে আসবে। সেখান থেকে টিকিটটি ডাউনলোড করে নেয়া যাবে। যাত্রার সময় অবশ্যই টিকিটের প্রিন্টিং কপিটি সঙ্গে রাখতে হবে।
অগ্রিম টিকিট বিক্রি প্রসঙ্গে শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, শুক্রবার সকাল থেকেই তাদের সব টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট বিক্রি চলছে।
তিনি বলেন, যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে ২৪ মে রাতের, ২৫ মে সারাদিনের এবং ২৬ মে সকালের টিকিটে। সরকারি ছুটি ২৫ মে থেকে শুরু হওয়ায় ওই সময়ের টিকিটে চাপ তুলনামূলক বেশি। সকাল ১০টা পর্যন্ত এসব রুটের অধিকাংশ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে বলেও তিনি জানান।
এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।