Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পে-স্কেল বাস্তবায়ন হতে পারে ১ জুলাই

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৭:২৯ পিএম

পে-স্কেল বাস্তবায়ন হতে পারে ১ জুলাই

বিজ্ঞাপন

অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো প্রস্তাব চূড়ান্ত করতে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বেতন কমিশন। এ প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, আগামী ২০২৬–২৭ অর্থবছরের ১ জুলাই থেকে এই কাঠামো পুরোপুরি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর করা হতে পারে। তবে নানা আলোচনা সত্ত্বেও সেটি চালু না হওয়ায় নতুন সম্ভাবনা হিসেবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাইকে ধরা হচ্ছে।

এদিকে গত বছরের জুলাই মাসে ২১ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়। এই কমিটির কাজ ছিল পে-স্কেল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া। এরই ধারাবাহিকতায় এবার নতুন করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার কাজও পে-স্কেল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দেওয়া। আর তাদের তথ্যের ভিত্তিতেই পে-স্কেল বাস্তবায়ন হবে বলে আশা করছে সরকারি কর্মচারীরা।  

অন্যদিকে নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গত ১৮ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে জানান, পে-স্কেলের সুপারিশগুলো না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। দেশের বর্তমান আর্থিক অবস্থায় এটি কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে, তা বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার