Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ড. ইউনূসের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক ঢাবির সাবেক ভিসি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম

ড. ইউনূসের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক ঢাবির সাবেক ভিসি

বিজ্ঞাপন

অন্তবর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি (উপাচার্য) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয়টির ‘সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার’ হিসেবে কাজ করবেন তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউনূস সেন্টার।

এতে বলা হয়, ঢাবির আনুষ্ঠানিক অনুমতিক্রমে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন অধ্যাপক ড. নিয়াজ।

এতে আরও বলা হয়, সরকারি অনুমোদনের পর গ্রামীণ বিশ্ববিদ্যালয় বর্তমানে দ্রুত অগ্রসর হচ্ছে। বিশ্ববিদ্যালয়টি একদিকে একাডেমিক কার্যক্রম চালুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে, অন্যদিকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজও চলছে।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. নিয়াজ। গত ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই পদ থেকে পদত্যাগ করেন তিনি।

যদিও ইউনূস সরকারের সময় থেকেই বিদেশে রাষ্ট্রদূত হওয়ার বেশ তোড়জোড় ছিল অধ্যাপক নিয়াজের। এক্ষেত্রে তার পছন্দ ছিল ইউরোপের কোনো দেশ। তবে বেশকিছু জটিলতায় তার আর রাষ্ট্রদূত হওয়া হয়নি। সবশেষ ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাব করা হলেও, তিনি রাজি হননি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার