বিজ্ঞাপন
হাদি হত্যায় গ্রেপ্তার দুইজনকে ফেরত আনার প্রক্রিয়া জানালেন আইজিপি
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:১৭ পিএম
বিজ্ঞাপন
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত দুই সন্দেহভাজনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
সোমবার (৯ মার্চ) রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় যেসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে দুজন বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাদেরকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। খুব শিগগিরই তাদের বাংলাদেশে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আলী হোসেন ফকির আরও বলেন, দেশে চাঁদাবাজি ও মাদককারবার দমনে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সেই তালিকা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।
তিনি জানান, দেশের প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন সেন্টার’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে পুলিশ, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে অভিযোগ জানাতে পারে।
আইজিপি আরও বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বিজ্ঞাপন