বিজ্ঞাপন
দ্বৈত নাগরিকত্বধারী ২০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম
বিজ্ঞাপন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বধারী প্রার্থীদের জন্য সুখবর দিল নির্বাচন কমিশন। যেসব প্রার্থী সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব পরিত্যাগের প্রক্রিয়া শুরু করেছেন, তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। এর ফলে ২০ জন প্রার্থী অবাধে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
রবিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত শুনানিতে দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতায় থাকা ২৩ প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বাতিল করা হয়েছে, একজনের রায় স্থগিত রাখা হয়েছে, এবং বাকি ২০ জনের নির্বাচনে অংশ নেওয়ার পথ নিশ্চিত করা হয়েছে।
শুনানিতে অনুপস্থিত থাকার কারণে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভুঁইয়ার প্রার্থিতা বাতিল হয়। এছাড়া কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জেল হোসেনের তুরস্কের নাগরিকত্ব পরিত্যাগ প্রক্রিয়া যাচাইয়ের জন্য তার রায় স্থগিত রাখা হয়েছে। তবে প্রার্থিতা বহাল থাকার সম্ভাবনাই বেশি।
দ্বৈত নাগরিকত্ব থাকলেও নির্বাচনে অংশ নেওয়া অনুমোদিত প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াতের ঢাকা-১ আসনের মোহাম্মদ নজরুল ইসলাম, দিনাজপুর-৫ বিএনপি এ কে এম কামরুজ্জামান, সাতক্ষীরা-৪ বিএনপি মনিরুজ্জামান, ফরিদপুর-২ বিএনপি শামা ওবায়েদ, সুনামগঞ্জ-২ বিএনপি তাহির রায়হান, মৌলভীবাজার-২ বিএনপি শওকতুল ইসলাম, হবিগঞ্জ-১ স্বতন্ত্র সুজাত মিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩ জামায়াত জুনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৪ বিএনপি কবির আহমেদ ভুঁইয়া, ফেনী-৩ বিএনপি আব্দুল আউয়াল মিন্টু, নোয়াখালী-১ স্বতন্ত্র জহিরুল ইসলাম, রংপুর-১ জাতীয় পার্টি মো. মঞ্জুম আলী, চাঁপাইনবাবগঞ্জ-১ জাপা খোরশেদ আলম, নাটোর-১ খেলাফত মজলিশ আজাদুল হক, যশোর-২ জামায়াত মোসলেম উদ্দীন ফরিদ, চট্টগ্রাম-৯ জামায়াত একে ফজলুল হক, শেরপুর-২ বিএনপি ফাহিম, চট্টগ্রাম-৩ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমজাদ হোসেন, কুড়িগ্রাম-৩ জামায়াত মাহবুব আলম সালেহ, মানিকগঞ্জ-৩ বিএনপি আফরোজা খানম রিতা এবং সুনামগঞ্জ-৩ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী।
এছাড়া ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করা হয়েছে।
শুনানিতে রবিবার দুই দফায় ৬৩ জন প্রার্থীর বিষয়টি আলোচনা করা হয়। এর মধ্যে ২৩ জনের মনোনয়ন মঞ্জুর করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২১টি, মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে দুটি এবং ৩৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে।
শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, “আমরা কোনো পক্ষপাতিত্ব ছাড়াই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু রায় প্রদান করেছি। আমার ও আমার টিমের পক্ষ থেকে কোনো ধরনের জাজমেন্টে অন্যায় হয়নি।”
বিজ্ঞাপন