Logo
Logo
×

বিজ্ঞাপন

আইন-আদালত

সাকিবের জন্য বড় দুঃসংবাদ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম

সাকিবের জন্য বড় দুঃসংবাদ

বিজ্ঞাপন

শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাত ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে শিগগিরই অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

তিনি বলেন, শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার তদন্ত শেষ হয়েছে। সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে।

এর আগে, ২০২৫ সালের ১৭ জুন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন— সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির এবং তানভীর নিজাম।

দুদকের এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেন। পরিকল্পিতভাবে শেয়ারবাজারে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করে বিপুল অর্থ আত্মসাৎ করেন। শেয়ারবাজার-সংক্রান্ত প্রচলিত আইন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬১–এর ১৭ ধারা লঙ্ঘন করে গুজব ছড়িয়ে বাজারে কারসাজি চালানো হয়।

এজাহার অনুযায়ী, এভাবে শেয়ারবাজার থেকে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করা হয়। পরে ওই অর্থ আসামিদের নিজ নিজ বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার