Logo
Logo
×

বিজ্ঞাপন

আইন-আদালত

মাইলস্টোন ট্র্যাজেডি

ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৫:১১ পিএম

ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

বিজ্ঞাপন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত মামলা গ্রহণের মতো উপাদান না থাকায় খারিজের এ আদেশ দেন। 

এর আগে আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু ও প্রতারণার অভিযোগ এনে আজ সকালে মামলার আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা। এসময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন। 

মামলার আবেদনে আরও যাদের আসামি করা হয়— এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম, উপদেষ্টা কর্ণেল (অব.) নূরনবী, প্রিন্সিপাল (প্রশাসন) মাসুদ আলম, প্রিন্সিপাল (স্কুল শাখা) রিফাত নবী, রাজউকের চেয়ারম্যান, ফিল্ড সুপার ভাইজার (উত্তরা), শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ডা. রিজওয়ানা হাসান ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

গত বছরের ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় মোট ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন-ত্রুটি চিহ্নিত করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার