বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইবাদতের প্রশান্তি ও একাগ্রতা অনেক সময় মনের অজান্তে জমে থাকা নানা সংশয় বা সন্দেহে বাধাগ্রস্ত হয়। বিশেষ করে পবিত্রতা ও অজু নিয়ে মনে প্রশ্ন জাগলে অনেক মুসুল্লিই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান— তার অজু কি ঠিক আছে, নাকি ভেঙে গেছে? অথচ দ্বীন ইসলাম আমাদের ইবাদতকে জটিল না করে অত্যন্ত সহজ ও স্বস্তিদায়ক করেছে। আসুন, সন্দেহের এই সূক্ষ্ম জায়গায় শরিয়তের সুস্পষ্ট দিকনির্দেশনাগুলো জেনে নিই—
সন্দেহের কারণে অজু ভাঙে না
ইসলামি ফিকহের একটি সুপরিচিত ও সর্বজনস্বীকৃত মূলনীতি হলো— ‘নিশ্চিত বিষয় কখনো সন্দেহ দ্বারা দূর হয় না।’ অর্থাৎ, অজু ভঙ্গের কোনো কারণ ঘটেছে বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত পূর্বের অজু সম্পূর্ণ বহাল হিসেবে গণ্য হবে। শুধু মনের অনুমান বা নিছক সন্দেহের কারণে অজু নষ্ট হয় না।
হাদিসের আলোকে স্পষ্ট নির্দেশনা
এ বিষয়ে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সাহাবিদের উদ্দেশে তিনি ইরশাদ করেছেন—
إِذَا وَجَدَ أَحَدُكُمْ فِي بَطْنِهِ شَيْئًا فَأَشْكَلَ عَلَيْهِ أَخَرَجَ مِنْهُ شَيْءٌ أَمْ لاَ فَلاَ يَخْرُجَنَّ مِنَ الْمَسْجِدِ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا
‘তোমাদের কারও পেটে কিছু অনুভূত হলে এবং তার কাছে সন্দেহ হয় যে, তার পেট থেকে কিছু বের হয়েছে কি না, তবে সে যেন শব্দ না শোনা বা গন্ধ না পাওয়া পর্যন্ত মসজিদ থেকে বের না হয় (অর্থাৎ নামাজ না ছাড়ে)।’ (বুখারি ১৩৭)
এর অর্থ হলো— অজু করার পর কারও মনে যদি শুধু বায়ু নির্গমনের ধারণা বা ওয়াসাওয়া আসে, তবে তা ধর্তব্য নয়। যতক্ষণ না দুর্গন্ধ পাওয়া বা শব্দ শোনার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে, ততক্ষণ আগের পবিত্রতা নিয়ে তিনি নামাজ চালিয়ে যেতে পারবেন।