বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সন্তান মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। একটি সন্তানকে ঘিরে মা-বাবার কত স্বপ্ন, কত আশা-আকাঙ্ক্ষা! কিন্তু অনেক দম্পতির জীবনে দীর্ঘ অপেক্ষার পরও সন্তানের মুখ দেখার সৌভাগ্য হয় না।
কেউ বছরের পর বছর চিকিৎসা করান, কেউ নানা চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পান না। এ সময় তাঁদের মনে দুশ্চিন্তা, হতাশা ও অপূর্ণতার বেদনা কাজ করে।
তবে একজন মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হন না। কারণ সন্তান দান করা একমাত্র আল্লাহর ইচ্ছাধীন।
তিনি যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন, কাউকে উভয়টিই দান করেন, আবার কাউকে নিঃসন্তান রাখেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘তিনি যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। অথবা তাদের পুত্র ও কন্যা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।
’ (সুরা : শুরা, আয়াত : ৪৯-৫০)
সন্তান লাভের জন্য দোয়া করা নবী-রাসুলদেরও সুন্নত। পবিত্র কোরআনে হজরত ইবরাহিম (আ.), হজরত জাকারিয়া (আ.)-সহ একাধিক নবীর সন্তান লাভের দোয়া কোরআনে বর্ণিত হয়েছে। এসব দোয়ার মধ্যে রয়েছে আল্লাহর কাছে নেককার, পবিত্র ও চোখজুড়ানো সন্তান লাভের আবেদন।
নিঃসন্তান দম্পতিরা আল্লাহর কাছে সন্তান লাভের আশায় কোরআনে বর্ণিত যে চারটি দোয়া পড়তে পারেন, সেগুলো হলো,
১. নেককার সন্তান লাভের দোয়া : হজরত ইবরাহিম (আ.) যখন নিজ সম্প্রদায়ের অবিশ্বাস ও বিরোধিতার মুখে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে স্বদেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন আল্লাহর কাছে নেককার সন্তান প্রার্থনা করেন।
পবিত্র কোরআনে তাঁর সেই দোয়া ইরশাদ হয়েছে, ‘আমি আমার প্রতিপালকের উদ্দেশে চললাম।
তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন।’ এরপরই তিনি দোয়া করেন, ‘হে আমার প্রতিপালক! আমাকে নেককার সন্তান দান করুন।’ (সুরা : সাফফাত, আয়াত : ৯৯-১০০)
আল্লাহ তাঁর দোয়া কবুল করেন এবং তাঁকে সহনশীল পুত্রসন্তানের সুসংবাদ দেন। পরবর্তী আয়াতে বলা হয়েছে, ‘অতঃপর আমি তাঁকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম।’ (সুরা : সাফফাত, আয়াত: ১০১- তাফসির ইবনে কাসির)
দোয়াটি হলো,
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
উচ্চারণ : রব্বি হাবলি মিনাস সালিহিন।
অর্থ : হে আমার প্রতিপালক! আমাকে নেককার সন্তান দান করুন। (সুরা : সাফফাত, আয়াত : ১০০)
২. নিঃসঙ্গতা থেকে মুক্তি ও সন্তান লাভের দোয়া : হজরত জাকারিয়া (আ.) দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। তাঁর বয়স অনেক বেড়ে গিয়েছিল এবং তাঁর স্ত্রীও সন্তান জন্মদানে অক্ষম ছিলেন। অথচ তিনি চাচ্ছিলেন, তাঁর মৃত্যুর পর এমন একজন নেককার উত্তরসূরি থাকুক, যে দ্বীনের দায়িত্ব পালন করবে।
এ অবস্থায় তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করেন, ‘হে আমার প্রতিপালক! আমাকে নিঃসন্তান ও একা ছেড়ে দেবেন না। আর আপনিই তো সর্বোত্তম উত্তরাধিকারী।’
পরবর্তী আয়াতে আল্লাহ তাঁর দোয়া কবুলের কথা জানিয়ে বলেন, ‘অতঃপর আমি তাঁর ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাঁকে দান করেছিলাম ইয়াহইয়া। আর তাঁর স্ত্রীকে তাঁর জন্য সন্তান ধারণের উপযোগী করে দিয়েছিলাম। নিশ্চয়ই তারা সৎকর্মে প্রতিযোগিতা করত, আশা ও ভীতি নিয়ে আমাকে ডাকত এবং আমার প্রতি ছিল বিনীত।’ (সুরা আল-আম্বিয়া, আয়াত: ৯০)
অর্থাৎ বৃদ্ধ বয়স এবং স্ত্রীর বন্ধ্যাত্ব—কোনোটিই আল্লাহর কাছে সন্তান দানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি। তিনি জাকারিয়া (আ.)-কে পুত্রসন্তান ইয়াহইয়া (আ.) দান করেছিলেন। (তাফসির ইবনে কাসির, সুরা : আম্বিয়া, আয়াত : ৮৯-৯০)
দোয়াটি হলো,
رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ
উচ্চারণ : রব্বি লা তাযারনি ফারদাঁও ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন।
অর্থ : হে আমার প্রতিপালক! আমাকে নিঃসন্তান ও একা ছেড়ে দেবেন না। আর আপনিই তো সর্বোত্তম উত্তরাধিকারী। (সুরা : আম্বিয়া, আয়াত : ৮৯)
৩. উত্তম সন্তান লাভের দোয়া : হজরত মারইয়াম (আ.)-এর দায়িত্ব গ্রহণ করেছিলেন জাকারিয়া (আ.)। তিনি যখনই মারইয়াম (আ.)-এর ইবাদতখানায় প্রবেশ করতেন, তাঁর কাছে বিভিন্ন ধরনের রিজিক দেখতে পেতেন। তিনি জিজ্ঞাসা করতেন, ‘হে মারইয়াম! এগুলো তোমার কাছে কোথা থেকে আসে?’ মারইয়াম (আ.) বলতেন, ‘এগুলো আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন।’ (সুরা : আলে ইমরান, আয়াত: ৩৭)
মারইয়াম (আ.)-এর কাছে আল্লাহর বিশেষ অনুগ্রহের নিদর্শন দেখে জাকারিয়া (আ.)-এর মনেও সন্তান লাভের আকাঙ্ক্ষা জাগ্রত হয়। তিনি বুঝতে পারেন, আল্লাহর অনুগ্রহের কোনো সীমা নেই। তাই নিজের বার্ধক্য ও স্ত্রীর বন্ধ্যাত্বের কথা বিবেচনা না করে মহান আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করেন।
তিনি বলেন, ‘হে আমার প্রতিপালক! আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র ও উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী।’
এই দোয়ার পরপরই ফেরেশতারা তাঁকে ইয়াহইয়া (আ.)-এর জন্মের সুসংবাদ দেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ৩৮-৩৯; তাফসিরে তাবারি)
দোয়াটি হলো,
رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
উচ্চারণ : রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বয়্যিবাহ। ইন্নাকা সামিউদ দুয়া।
অর্থ : হে আমার প্রতিপালক! আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র ও উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। (সুরা : আলে ইমরান, আয়াত : ৩৮)
৪. স্ত্রী ও সন্তানকে চোখের শীতলতা বানানোর দোয়া : সুরা ফুরকানের ৬৩ থেকে ৭৪ নম্বর আয়াতে মহান আল্লাহ তাঁর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের বিভিন্ন গুণাবলি তুলে ধরেছেন। তাঁরা বিনয়ী, ধৈর্যশীল, রাতের ইবাদতে অভ্যস্ত, অপচয় ও কৃপণতা থেকে বিরত এবং আল্লাহর নির্দেশের প্রতি অনুগত। তাঁদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, তাঁরা নিজেদের পরিবার-পরিজনের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
তাঁরা বলেন, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দিন।’
এখানে ‘চোখের শীতলতা’ বলতে এমন আনন্দ ও প্রশান্তিকে বোঝানো হয়েছে, যা প্রিয়জনের ভালো কাজ, ঈমানদারি ও আল্লাহর আনুগত্য দেখে অর্জিত হয়। অর্থাৎ তাঁরা শুধু সুন্দর ও সুস্থ সন্তান চান না; বরং এমন সন্তান চান, যারা আল্লাহর অনুগত হবে এবং মা-বাবার জন্য দুনিয়া ও আখিরাতে আনন্দের কারণ হবে। (তাফসির ইবনে কাসির, সুরা আল-ফুরকান, আয়াত: ৭৪)
দোয়াটি হলো,
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ : রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউনিও ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা।
অর্থ : হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দিন। (সুরা : ফুরকান, আয়াত : ৭৪)
দোয়া করার ক্ষেত্রে যেসব বিষয় মনে রাখা জরুরি
সন্তান লাভের আশায় এই দোয়াগুলো পড়ার পাশাপাশি কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।
১. আন্তরিকতা ও দৃঢ় বিশ্বাস : আল্লাহর কাছে পূর্ণ আস্থা ও আন্তরিকতার সঙ্গে দোয়া করতে হবে। দোয়া কবুল হতে দেরি হলেও হতাশ হওয়া যাবে না।
২. নিয়মিত ইবাদত ও ইস্তিগফার : পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, তওবা-ইস্তিগফার এবং নেক আমলের প্রতি যত্নবান হতে হবে।
৩. স্বামী-স্ত্রী উভয়ের দোয়া : শুধু স্ত্রী বা স্বামী নন, উভয়েরই আল্লাহর কাছে সন্তান লাভের জন্য প্রার্থনা করা উচিত।
৪. চিকিৎসা গ্রহণ : সন্তান লাভের জন্য দোয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করাও উচিত। চিকিৎসা ও দোয়া পরস্পরের পরিপন্থী নয়; বরং উভয়টিই অবলম্বন করা যেতে পারে।
অতএব, যাঁরা দীর্ঘদিন ধরে সন্তান লাভের অপেক্ষায় রয়েছেন, তাঁরা হতাশ না হয়ে কোরআনে বর্ণিত নবীদের এই দোয়াগুলো নিয়মিত পড়ুন। আল্লাহর কাছে শুধু সন্তান নয়, বরং নেককার, সুস্থ, দ্বীনদার ও চোখজুড়ানো সন্তান প্রার্থনা করুন। মহান আল্লাহ প্রত্যেকের জন্য কল্যাণকর ফয়সালা করুন এবং যাঁরা সন্তান লাভের আশায় অপেক্ষা করছেন, তাঁদের উত্তম সন্তান দান করুন। আমিন।