Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

রাতে নিয়ত করে ঘুমানোর পর সাহরি না খেতে পারলে কাজা রোজা হবে?

Icon

ইসলাম ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

রাতে নিয়ত করে ঘুমানোর পর সাহরি না খেতে পারলে কাজা রোজা হবে?

বিজ্ঞাপন

প্রশ্ন: রোজার নিয়ত করে ঘুমানোর পর যদি সাহরির সময় না উঠতে পারলে কি সাহরি না খেয়েই রমজানের ছুটে যাওয়ার রোজার কাজা রোজা রাখা যাবে?

উত্তর: সূর্যাস্তের পর সন্ধ্যায় বা রাতে পরবর্তী দিন রমজানের কাজা রোজা রাখার নিয়ত করে ঘুমানোর পর সাহরি না খেতে পারলেও রোজা রাখলে রোজা আদায় হয়ে যাবে।

রমজানের কাজা ও কাফফারার রোজার নিয়ত রোজা শুরু করার আগে অর্থাৎ রোজার দিন সুবহে সাদিকের আগেই করা জরুরি। সুবহে সাদিক হয়ে যাওয়ার পর রমজানের কাজা রোজার নিয়ত করলে তা কাজা রোজা হবে না, বরং নফল রোজা হবে।

রমজান মাসের রোজা প্রাপ্তবয়স্ক সামর্থ্যবান ‍মুসলমানদের ওপর ফরজ। তবে অসুস্থতা, সফর ইত্যাদি গ্রহণযোগ্য শরঈ কারণ থাকলে রমজানে রোজা ভেঙে পরবর্তীতে কাজা করা যায়। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। (সুরা বাকারা: ১৮৫)

এ ছাড়া রমজানের দিন রোজা রেখে ইচ্ছাকৃত রোজা পানাহার বা যৌনমিলন করলে রোজা ভেঙে যাবে, রোজাটির কাজা করতে হবে, কাফফারাও দিতে হবে। অর্থাৎ ওই রোজাটির পরিবর্তে আরেকটির রোজা রাখার পাশাপাশি একটি গোলাম আজাদ করতে হবে অথবা ৬০ জন মিসকিনকে দুই বেলা ভালোভাবে তৃপ্তিসহকারে আহার করাতে হবে অথবা ধারাবাহিকভাবে ৬০টি রোজা রাখতে হবে। এ ছাড়া আরও কিছু কারণে রোজা ভেঙে যায়, কিন্তু শুধু কাজা ওয়াজিব হয়, কাফফারা দিতে হয় না।

রোজা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ আমল, ইমানের পর ইসলামের মূল পাঁচ স্তম্ভের অন্তর্ভুক্ত। কোনো অসুস্থতা, অসুবিধা বা অবহেলায় নামাজ বা রোজা ছুটে গেলে যত দ্রুত সম্ভব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ওই রোজার কাজা আদায় করা এবং কাফফারা ওয়াজিব হলে কাফফারা আদায় করা উচিত।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার