Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

সৌদি-হুথি সংঘাতে আলোচনায় নবীজির ইয়েমেন নিয়ে দোয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৬ এএম

সৌদি-হুথি সংঘাতে আলোচনায় নবীজির ইয়েমেন নিয়ে দোয়া

বিজ্ঞাপন

সৌদি আরব ও ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাত, মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর একটি বিশেষ দোয়া। প্রায় দেড় হাজার বছর আগে তিনি শাম ও ইয়েমেনের জন্য আল্লাহর কাছে বরকত কামনা করেছিলেন। একই হাদিসে নজদ অঞ্চল সম্পর্কে তার একটি সতর্কবার্তার কথাও উঠে এসেছে।

সহিহ বুখারিতে হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-এর সূত্রে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) দোয়া করেছিলেন, ‘হে আল্লাহ! আমাদের শাম ও ইয়েমেনে বরকত দান করুন।’ এ সময় সাহাবিরা নজদ অঞ্চলের জন্যও বরকত কামনার অনুরোধ জানান। তবে মহানবী (সা.) আবারও শাম ও ইয়েমেনের জন্য দোয়া করেন।

হাদিসের বর্ণনা অনুযায়ী, নজদ সম্পর্কে তিনি বলেন, সেখানে ভূমিকম্প ও ফিতনার আবির্ভাব ঘটবে এবং সেখান থেকেই শয়তানের শিং উদিত হবে। এই বক্তব্যের ভৌগোলিক ব্যাখ্যা নিয়ে পরবর্তী সময়ে ইসলামি চিন্তাবিদ ও গবেষকদের মধ্যে বিভিন্ন মত তৈরি হয়েছে।

আরও পড়ুন
তবে শাম ও ইয়েমেনের জন্য মহানবী (সা.) কেন বিশেষভাবে বরকত কামনা করেছিলেন, সে বিষয়ে হাদিসে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। ফলে এ দোয়ার পেছনে নির্দিষ্ট রাজনৈতিক বা ঐতিহাসিক উদ্দেশ্য ছিল বলে নিশ্চিতভাবে দাবি করার সুযোগ নেই। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি ওই দুই অঞ্চলের জন্য কল্যাণ ও বরকত কামনার একটি বিশেষ দোয়া।

হাদিসে উল্লেখিত নজদ অঞ্চলটি কোথায়, তা নিয়েও মতভেদ রয়েছে। একদল গবেষকের মতে, বর্তমান সৌদি আরবের মধ্যাঞ্চল, বিশেষ করে রিয়াদ-সংলগ্ন এলাকাকে প্রাচীন নজদ বলা হয়। অন্যদের মতে, এখানে ইরাকের দিকের কোনো উচ্চভূমি অঞ্চলকে বোঝানো হয়েছে। এ কারণে নজদের সুনির্দিষ্ট অবস্থান নিয়ে একক কোনো ব্যাখ্যা প্রতিষ্ঠিত হয়নি।

ইয়েমেন নিয়ে রাসুল (সা.) কী বলেছিলেন?

আধুনিক সময়ে এই হাদিস নতুন করে আলোচনায় আসার অন্যতম কারণ সৌদি আরব ও ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংঘাত। ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর দেশটির রাজনৈতিক সংকট আরও গভীর হয়। পরের বছর ২০১৫ সালে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

দীর্ঘদিনের এই যুদ্ধে ইয়েমেনের অবকাঠামো, অর্থনীতি ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সংঘাতের একপর্যায়ে হুতিরা সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টাপাল্টি সামরিক অভিযানে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও জটিল হয়ে ওঠে।

ইয়েমেনের সংঘাত কেবল দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে সীমাবদ্ধ থাকেনি। এর সঙ্গে যুক্ত হয়েছে সৌদি আরব ও ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। পাশাপাশি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ এবং আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার বিষয়টিও এই সংঘাতের সঙ্গে জড়িয়ে পড়েছে।

এদিকে শাম ও ইয়েমেনের জন্য মহানবী (সা.)-এর দোয়া এবং নজদ সম্পর্কে তার বক্তব্য নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তবে বর্তমান মধ্যপ্রাচ্যের কোনো নির্দিষ্ট সংঘাত বা রাজনৈতিক ঘটনাকে সরাসরি এই হাদিসের ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন হিসেবে ব্যাখ্যা করা সমীচীন নয়। বিষয়টি বুঝতে হাদিসের মূল বক্তব্য, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ইসলামি গবেষকদের বিভিন্ন ব্যাখ্যা বিবেচনায় নেওয়া জরুরি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার