বিজ্ঞাপন
নিয়ম ও নিয়তসহ তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়?
ইসলাম ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪০ এএম
বিজ্ঞাপন
নামাজ শ্রেষ্ঠ ইবাদত। ফরজ নামাজের পর তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। হযরত আবু হুরায়রা রা. বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘ফরজ নামাজের পর সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ হলো তাহাজ্জুদ নামাজ তথা রাতের নামাজ।’ (মুসলিম, তিরমিজি, নাসাঈ)
তাহাজ্জুদ নামাজের সময় ও নিয়ম
সাধারণত সাহরির সময়ই হলো তাহাজ্জুদের সময়। এ সময়ে শেষ হওয়ার আগেই তাহাজ্জুদ নামাজ আদায় করতে হয়। ঘুম থেকে উঠে ভালোভাবে অজু করে প্রথমে দুই রাকাত নামাজ আদায় করে জায়নামাজে বসে জিকির করবে। এরপর দুই দুই রাকাত করে যত রাকাত সম্ভব আদায় করতে পারবেন।
রসুল সা. দুই দুই রাকাআত করে এ নামাজ আদায় করতেন। যে কোনো সুরা দিয়েই এ নামাজ পড়া যায়। তবে তিনি লম্বা কেরাতে নামাজ আদায় করতেন। তাই লম্বা কেরাতে তাহাজ্জুদ আদায় করা উত্তম।
তাহাজ্জুদ নামাজ কত রাকাত
তাহাজ্জুদ নামাজের রাকাত সংখ্যা নির্দিষ্ট নেই। দুই দুই রাকাত করে চার রাকাত পড়তে পারবে। আবার দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আদায় করা যায়। ন্যূনতম চার রাকাত আদায় করা উত্তম। যে কয় রাকাতই পড়া হোক, তা নিয়মিত আদায়ের অভ্যাস করা।
তাহাজ্জুদ নামাজের নিয়ম ও নিয়ত
তাহাজ্জুদ নামাজ আদায় করতে নফল নামাজের নিয়ত করতে হবে। যেহেতু এটা নফল নামাজ। আমি দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি আল্লাহু আকবার। এভাবে নিয়ত করলে হয়ে যাবে। যারা আরবিতে পারবে আরবিতে নিয়ত করবেন।
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ رَكَعَتِى التَّهَجُّدِ - اَللهُ اَكْبَر
উচ্চারণ: নাওয়াইতু আন উসাল্লিয়া রাকআতাইত তাহাজ্জুদি আল্লাহু আকবার। অর্থ: দুই রাকাআত তাহাজ্জুদের নিয়ত করছি, ‘আল্লাহু আকবার’ বলে নিয়ত বেঁধে নামাজ পড়বে। আরবি নিয়ত না পারলে কোনো সমস্যা নেই। বাংলায় নিয়ত করলেই হয়ে যাবে।