বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মানুষের জীবনে এমন কিছু পাপ রয়েছে, যা প্রকাশ্যে সংঘটিত হলে পরিবার, সমাজ কিংবা মানুষের কাছে লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। আবার এমন কিছু পাপ আছে, যা মানুষ সবার অগোচরে, একান্ত নির্জনে কিংবা সুযোগের আড়ালে করে থাকে।
বাইরে থেকে তাকে দেখতে অত্যন্ত ধার্মিক, পরহেজগার ও নীতিবান মনে হলেও তার জীবনের এমন কিছু অধ্যায় থাকতে পারে, যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। লোকচক্ষুর অন্তরালে সংঘটিত এসব পাপই গোপন পাপ। কিন্তু আল্লাহ বলেন, ‘তোমরা যেখানেই থাকো, তিনি তোমাদের সঙ্গে আছেন। আর তোমরা যা করো, আল্লাহ তা দেখেন।’ (সুরা : হাদিদ, আয়াত : ৪)
রাসুলুল্লাহ (সা.) গোপন পাপের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে বলেছেন, ‘আমার উম্মতের সবাই ক্ষমা পাবে, তবে প্রকাশ্যে পাপ করে বেড়ানো ব্যক্তিরা ছাড়া। প্রকাশ্যে পাপ করার একটি দিক হলো, কোনো ব্যক্তি রাতে কোনো পাপ করল, অথচ আল্লাহ তা গোপন রেখেছেন। কিন্তু সকালে সে নিজেই বলে বেড়ায়, হে অমুক! গত রাতে আমি এই এই কাজ করেছি। অথচ তার রব রাতেই তার পাপ গোপন রেখেছিলেন, আর সে সকালে আল্লাহর গোপন রাখা বিষয়টি প্রকাশ করে দিল।’ (সহিহ বুখারি, হাদিস : ৬০৬৯; সহিহ মুসলিম, হাদিস : ২৯৯০)
১. অন্তরে আল্লাহর ভয় ও জবাবদিহির অনুভূতি জাগ্রত করা : গোপন পাপ থেকে মুক্তির সবচেয়ে কার্যকর উপায় হলো অন্তরে আল্লাহভীতি সৃষ্টি করা। মানুষ যখন উপলব্ধি করে যে, সে একদিন মহান আল্লাহর সামনে দাঁড়াবে এবং জীবনের প্রতিটি কাজের হিসাব দিতে হবে, তখন তার মধ্যে পাপ থেকে বেঁচে থাকার প্রবণতা তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর পর্যবেক্ষক।’ (সুরা : নিসা, আয়াত : ১)
২. নির্জনতায় আল্লাহকে ভয় করা : মানুষের প্রকৃত ঈমানের পরীক্ষা অনেক সময় নির্জনতায় হয়। মানুষের সামনে পাপ থেকে বিরত থাকা তুলনামূলক সহজ; কিন্তু যখন পাপের সুযোগ রয়েছে, কেউ দেখছে না এবং বাধা দেওয়ার মতো কেউ নেই, তখন নিজেকে সংযত রাখাই প্রকৃত আত্মসংযমের পরিচয়।
রাসুলুল্লাহ (সা.) কিয়ামতের দিন আরশের ছায়াপ্রাপ্ত সাত শ্রেণির মানুষের কথা উল্লেখ করেছেন। তাঁদের মধ্যে একজন হলেন, ‘এমন ব্যক্তি, যাকে কোনো সম্ভ্রান্ত ও সুন্দরী নারী (অবৈধ সম্পর্কের জন্য) আহ্বান করে, আর সে বলে, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৬০; সহিহ মুসলিম, হাদিস : ১০৩১)
৩. খাঁটি তাওবা ও ইস্তিগফার করা : মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। অনেক সময় প্রবৃত্তির তাড়নায়, শয়তানের প্ররোচনায় কিংবা দুর্বল মুহূর্তে মানুষ গোপন পাপে জড়িয়ে পড়ে। কিন্তু পাপ হয়ে যাওয়ার পর হতাশ হয়ে পড়া কিংবা পাপের মধ্যেই ডুবে থাকা মুমিনের কাজ নয়। বরং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফিরে আসা, অনুতপ্ত হওয়া এবং ক্ষমা প্রার্থনা করা জরুরি। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো।’ (সুরা তাহরিম, আয়াত: ৮)
৪. পাপের পথ ও উপকরণ থেকে দূরে থাকা : গোপন পাপ থেকে বেঁচে থাকার অন্যতম কার্যকর উপায় হলো পাপের উপকরণ ও পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখা। অনেক সময় মানুষ সরাসরি পাপ করার সিদ্ধান্ত নেয় না; বরং ধীরে ধীরে এমন কিছু কাজ, অভ্যাস ও পরিবেশের সঙ্গে জড়িয়ে পড়ে, যা তাকে পাপের দিকে নিয়ে যায়। যেমন—অশ্লীল ছবি ও ভিডিও দেখা, অনৈতিক ওয়েবসাইটে প্রবেশ করা, নিষিদ্ধ সম্পর্ক গড়ে তোলা। মহান আল্লাহ শুধু পাপ করতে নিষেধ করেননি; বরং পাপের কাছাকাছি যেতেও নিষেধ করেছেন। ইরশাদ হয়েছে,‘তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং অত্যন্ত মন্দ পথ।’ (সুরা বনি ইসরাঈল, আয়াত: ৩২)
৫. দৃষ্টি সংযত রাখা : গোপন পাপের অন্যতম প্রধান প্রবেশদ্বার হলো দৃষ্টির অসংযম। অনেক পাপের সূচনা হয় চোখের মাধ্যমে। প্রথমে কৌতূহলবশত কোনো নিষিদ্ধ দৃশ্য দেখা, এরপর বারবার তা দেখার অভ্যাস তৈরি হওয়া এবং একসময় প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করা—এভাবেই মানুষ ধীরে ধীরে পাপের গভীরে প্রবেশ করে। এ কারণে মহান আল্লাহ মুমিন পুরুষ ও নারীদের দৃষ্টি সংযত রাখার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই তারা যা করে, আল্লাহ সে বিষয়ে অবহিত।’ (সুরা : নুর, আয়াত : ৩০)
পরবর্তী আয়াতে মুমিন নারীদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে। (সুরা : নুর, আয়াত : ৩১)
৬. নিয়মিত নামাজ ও কোরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা : নামাজ মানুষকে পাপ ও অশ্লীলতা থেকে বিরত রাখার অন্যতম শক্তিশালী মাধ্যম। যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করেন এবং নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ক গভীর করেন, তাঁর মধ্যে আত্মসংযম ও আল্লাহভীতি তৈরি হয়। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৪৫)
৭. নফল রোজা ও প্রবৃত্তি নিয়ন্ত্রণের চেষ্টা করা : মানুষের মধ্যে প্রবৃত্তির আকর্ষণ রয়েছে। অনেক সময় এই প্রবৃত্তিই তাকে গোপন পাপের দিকে টেনে নিয়ে যায়। বিশেষত যৌন আকাঙ্ক্ষা ও শারীরিক চাহিদা নিয়ন্ত্রণ করতে না পেরে কেউ কেউ নানা অন্যায়ে জড়িয়ে পড়ে। রাসুলুল্লাহ (সা.) যুবকদের উদ্দেশে বলেছেন, ‘হে যুবসমাজ! তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে, সে যেন বিবাহ করে। কেননা তা দৃষ্টিকে অধিক সংযত রাখে এবং লজ্জাস্থানকে অধিক হেফাজত করে। আর যে বিবাহের সামর্থ্য রাখে না, সে যেন রোজা রাখে। কারণ রোজা তার জন্য ঢালস্বরূপ।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৬)
৮. একাকিত্ব ও অবসর সময়কে কল্যাণকর কাজে ব্যয় করা : অনেক গোপন পাপের পেছনে কাজ করে অতিরিক্ত অবসর, উদ্দেশ্যহীন সময় কাটানো এবং একাকিত্বের অপব্যবহার। মানুষ যখন কোনো উপকারী কাজে ব্যস্ত থাকে না, তখন শয়তান তাকে নানা কুমন্ত্রণা দিতে থাকে। ধীরে ধীরে সে এমন কাজে জড়িয়ে পড়ে, যা তার ঈমান ও আমলের জন্য ক্ষতিকর। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত—সুস্থতা ও অবসর।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৪১২)
৯. সৎসঙ্গ গ্রহণ ও অসৎসঙ্গ পরিহার করা : যে ব্যক্তি গোপন পাপ থেকে মুক্তি পেতে চান, তাঁর উচিত সৎ, আল্লাহভীরু ও নেককার মানুষের সাহচর্য গ্রহণ করা। এমন মানুষের সঙ্গে চলাফেরা করা, যাঁরা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন, ভালো কাজে উৎসাহিত করেন এবং ভুল পথে গেলে সংশোধন করে দেন। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।’ (সুরা : তাওবা, আয়াত : ১১৯)
১০. পাপের পরপরই নেক আমল করা : মানুষের জীবনে কখনো ভুল হয়ে গেলে হতাশ হয়ে পড়া উচিত নয়। বরং পাপের পরপরই তাওবা করার পাশাপাশি নেক আমল বাড়িয়ে দেওয়া উচিত। কারণ নেক আমল পাপের প্রভাব দূর করতে সাহায্য করে এবং অন্তরকে পুনরায় আল্লাহমুখী করে তোলে। মহান আল্লাহ বলেন, ‘আর দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে নামাজ কায়েম করুন। নিশ্চয়ই সৎকর্ম অসৎকর্মকে মিটিয়ে দেয়। যারা উপদেশ গ্রহণ করে, তাদের জন্য এটি এক উপদেশ।’ (সুরা : হুদ, আয়াত : ১১৪)
১১. পাপের কথা মানুষের কাছে প্রকাশ না করা : গোপন পাপ থেকে মুক্তির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের পাপের কথা অযথা মানুষের কাছে প্রকাশ না করা। কেউ যদি নির্জনে কোনো অন্যায় করে ফেলেন, তাহলে তা নিয়ে মানুষের কাছে গর্ব করা, গল্প করা কিংবা নিজের পাপের বিবরণ ছড়িয়ে দেওয়া উচিত নয়। বরং আল্লাহর কাছে একান্তে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে হবে এবং নিজের ভুল সংশোধনের চেষ্টা করতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমার উম্মতের সবাই ক্ষমা পাবে, তবে যারা প্রকাশ্যে পাপ করে বেড়ায় তারা ছাড়া।’ (সহিহ বুখারি, হাদিস : ৬০৬৯)
১২. পাপ থেকে ফিরে আসার পর হতাশ না হওয়া : গোপন পাপের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে থাকা কোনো ব্যক্তি যখন তা থেকে মুক্তির চেষ্টা করেন, তখন কখনো কখনো পুরোনো অভ্যাস আবার তাঁকে পাপের দিকে টেনে নিতে পারে। এমন পরিস্থিতিতে অনেকে হতাশ হয়ে পড়েন। ভাবেন, এতবার তাওবা করেও যখন নিজেকে পরিবর্তন করতে পারলাম না, তখন আর তাওবা করে কী লাভ! এটি শয়তানের অন্যতম বড় ধোঁকা। কারণ শয়তান প্রথমে মানুষকে পাপে লিপ্ত করে, এরপর পাপের পর তাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করতে চায়। অথচ আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা। মহান আল্লাহ বলেন, ‘বলুন, হে আমার বান্দারা! যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা : জুমার, আয়াত : ৫৩)
আল্লাহ তাআলা আমাদের প্রকাশ্য ও গোপন সব ধরনের পাপ থেকে হেফাজত করুন এবং খাঁটি তাওবা করার তাওফিক দান করুন। আমিন।