বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দেশের আকাশে পবিত্র ১৪৪৮ হিজরি সনের জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামীকাল বুধবার (১১ নভেম্বর) জমাদিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান।
সভায় ১৪৪৮ হিজরি সনের জমাদিউস সানি মাসের চাঁদ দেখার বিষয়ে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় এবং বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাঠানো তথ্যও বিবেচনায় নেয়া হয়। এসব তথ্য পর্যালোচনা শেষে দেশের কোথাও চাঁদ দেখার খবর না পাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ করার সিদ্ধান্ত গ্রহণ করে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ এবং বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. আজগর আলী উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম এবং স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম সভায় অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাবের মোহাম্মদ শোয়াইব এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।
এ ছাড়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মো. মহিউদ্দিন, চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকার প্রফেসর ওবায়দুল হক এবং লালবাগ শাহী মসজিদের সানী খতিব মুফতি আফনান মুহাম্মদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার জমাদিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হওয়ার পর বৃহস্পতিবার থেকে দেশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের কার্যক্রম শুরু হবে।