Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

পাহাড়ের চূড়ায় মসজিদ, প্রতিদিন ৫ হাজার সিঁড়ি পেরিয়ে ইমামতি করেন সিবগাতুল্লাহ

Icon

ইসলাম ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২০ এএম

পাহাড়ের চূড়ায় মসজিদ, প্রতিদিন ৫ হাজার সিঁড়ি পেরিয়ে ইমামতি করেন সিবগাতুল্লাহ

বিজ্ঞাপন

তুরস্কের ঐতিহাসিক ভান দুর্গের চূড়ায় প্রতিদিন এক অন্যরকম দৃশ্যের অবতারণা করেন সিবগাতুল্লাহ বিলমেজ নামের এক অদম্য ইমাম। খাড়া ও দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছে যান উসমানীয় আমলের সুলাইমান খান মসজিদে। সেখানে আজান দেওয়া ও নামাজের ইমামতি করার পাশাপাশি তুরস্কসহ বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের সেবা দেওয়াই এই সাহসী তুর্কি ইমামের প্রতিদিনের মূল কাজ।

গত পাঁচ মাস ধরে ঐতিহাসিক এই মসজিদটির ভারপ্রাপ্ত ইমাম হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন সিবগাতুল্লাহ। আতাতুর্ক সাংস্কৃতিক উদ্যান থেকে শুরু করে পাথুরে দুর্গের চূড়ায় পৌঁছাতে প্রতিদিন তাঁকে প্রায় পাঁচ হাজার সিঁড়ি ভাঙতে হয়। ধর্মবিষয়ক অধিদপ্তর এবং স্থানীয় মুফতি কার্যালয়ের অধীনে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা এই ইমাম তাঁর বর্তমান দায়িত্ব নিয়ে দারুণ সন্তুষ্ট।

প্রতিদিন জোহরের আগেই পাহাড়ি পথ বেয়ে তিনি মসজিদে পৌঁছান এবং মাগরিব শেষে নিচে নেমে আসেন। তবে দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে এশা ও ফজরের ওয়াক্তে সেখানে সাধারণ মুসল্লিদের যাতায়াত সম্ভব হয় না বলে ওই দুই সময় জামাত অনুষ্ঠিত হয় না।

ভান দুর্গের চূড়ায় অবস্থিত ঐতিহাসিক সুলাইমান খান মসজিদটির সুনির্দিষ্ট নির্মাণকাল অজানা থাকলেও, ১৫৩৪ সালে উসমানীয় সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট এটি পুনর্নির্মাণ করেছিলেন। দীর্ঘ সময় পরিত্যক্ত থাকার পর মাত্র তিন বছর আগে এটি সংস্কার করে মুসল্লিদের জন্য পুনরায় উন্মুক্ত করা হয়।

বর্তমানে এই মসজিদটি পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ। সিবগাতুল্লাহ বিলমেজ কেবল ইমামতিই করেন না, আগত দর্শনার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে প্রাচীন ভান নগরী, উরার্তু সভ্যতার ঐতিহাসিক দুর্গ ও মসজিদটির সমৃদ্ধ ইতিহাসও তুলে ধরেন।

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নানা দেশের পর্যটকদের সাথে নিয়মিত কথা বলার সুবাদে সিবগাতুল্লাহর ইংরেজি ভাষার দক্ষতাও দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। এখন তিনি অনায়াসেই বিদেশি দর্শনার্থীদের সাথে যোগাযোগ করেন এবং ইসলাম ও এর ঐতিহ্য সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেন।

অক্লান্ত এই যাত্রার পর দুর্গের চূড়ায় দাঁড়িয়ে চারপাশের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে তাঁর সব শারীরিক ক্লান্তি দূর হয়ে যায়। দর্শনার্থীদের ভালোবাসা ও ‘আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হোন’—এমন দোয়াই তাঁর জীবনের অন্যতম সেরা প্রাপ্তি বলে মনে করেন এই নিষ্ঠাবান ইমাম।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার