বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কোনো এনজিও থেকে টাকা সাহায্য নেওয়া জায়েজ হবে কিনা এমন প্রশ্নে উত্তর জানিয়েছেন রাজধানীর মুহাম্মদপুর দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আব্দুল কাইয়ুম।
মুসলিম বাংলা ওয়েবসাইটে তিনি জানিয়েছেন, এনজিও বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেওয়া জায়েজ কি না, তা নির্ভর করবে সহযোগিতাদাতার আকিদা এবং ওই সাহায্য গ্রহণের ফলে ইসলাম ও মুসলমানদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না, তার ওপর।
তিনি বলেন, কোনো এনজিও বা প্রতিষ্ঠানের লোকেরা যদি সহিহ আকিদার মুসলমান হন, তাহলে তাদের কাছ থেকে আর্থিক সাহায্য গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। শরিয়তের দৃষ্টিতেও এতে কোনো খারাবি নেই।
পক্ষান্তরে, তারা যদি ভ্রান্ত আকিদা পোষণকারী হন অথবা মুসলমান না হয়ে কাফের হন, তাহলে তাদের কাছ থেকে সাহায্য নেওয়ার ক্ষেত্রে দেখতে হবে, এ সাহায্য গ্রহণের কারণে বর্তমানে বা ভবিষ্যতে ইসলাম ও মুসলমানদের স্বার্থের কোনো ক্ষতি হয় কি না।
যদি তাদের কাছ থেকে সাহায্য নেওয়ার কারণে ইসলাম ও মুসলমানদের ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল আশঙ্কা থাকে অথবা তা ইসলাম ও মুসলমানদের স্বার্থের পরিপন্থি হয়, তাহলে এ ধরনের সাহায্য গ্রহণ করা জায়েজ হবে না।
আর যদি দ্বীনি ক্ষতির প্রবল আশঙ্কা না থাকে এবং তাদের কাছ থেকে সাহায্য গ্রহণের মধ্যে মুসলমানদের কল্যাণ ও স্বার্থ নিহিত থাকে, তাহলে সে সাহায্য গ্রহণ করা জায়েজ হবে।