Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

অন্যের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ইসলামের নির্দেশনা কী?

Icon

ইসলাম ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

অন্যের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ইসলামের নির্দেশনা কী?

বিজ্ঞাপন

প্রতিবেশীর জানালায় কৌতুহলী চোখ রাখা, আড়ালে থেকে কারোর আঙিনায় উঁকি দেওয়া কিংবা গোপন প্রযুক্তির আলো ফেলে অন্যের ব্যক্তিগত মুহূর্ত ফ্রেমবন্দি করা— আধুনিক প্রযুক্তির যুগে এসব দৃশ্য যেন ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে। মানুষের মনে কৌতুহল থাকা খুব স্বাভাবিক এক মানবিক অনুভূতি। কিন্তু এই কৌতূহল যখন নিজের চেনা সীমানা ছাড়িয়ে অন্যের ব্যক্তিগত জীবনে ছায়া ফেলে, তখন তা আর সাধারণ কৌতুহল থাকে না; তা রূপ নেয় অনধিকার চর্চায়। অন্যের একান্ত ব্যক্তিগত পরিসরে এই অবাঞ্ছিত উঁকিঝুঁকি সামাজিক শান্তি ও পারিবারিক আত্মমর্যাদাকে চূর্ণবিচূর্ণ করে দেয়। অথচ আজ থেকে ১৪শ’ বছর আগেই ইসলাম মানুষের ব্যক্তিস্বাতন্ত্র্য ও গোপনীয়তা রক্ষায় একে অত্যন্ত অপরাধমূলক আচরণ হিসেবে ঘোষণা করেছে এবং কঠোর দিকনির্দেশনা দিয়েছে।

অনুমতি ছাড়া প্রবেশ নয়: কোরআনের অনুশাসন

কারও ঘরে বা ব্যক্তিগত সীমানায় পা রাখার আগে তার অনুমতি নেওয়া ইসলামের অত্যন্ত মৌলিক ও সৌন্দর্যমণ্ডিত একটি বিধান। হঠাৎ করে কারও বাড়িতে ঢোকা বা ব্যক্তিগত আঙিনায় উঁকি দেওয়া গৃহবাসীর স্বাচ্ছন্দ্য ও স্বাধীনতাকে ক্ষুণ্ন করে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মুমিনদের সতর্ক করে ইরশাদ করেছেন—

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّىٰ تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَىٰ أَهْلِهَا

‘হে ঈমানদারগণ! তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারও ঘরে প্রবেশ কর না; যতক্ষণ না অনুমতি নাও এবং গৃহবাসীদের সালাম দাও।’ (সুরা আন-নুর: আয়াত ২৭)

এমনকি অনুমতি চাইতে গিয়ে যদি নেতিবাচক উত্তর আসে, তাতেও অসন্তুষ্ট না হয়ে ফিরে আসার শিষ্টাচার শিখিয়েছে ইসলাম। পবিত্র কুরআনের পরবর্তী আয়াতেই বলা হয়েছে—

فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّىٰ يُؤْذَنَ لَكُمْ ۖ وَإِن قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا ۖ هُوَ أَزْكَىٰ لَكُمْ

‘তোমরা যদি তাতে কাউকে না পাও, তবে অনুমতি না পাওয়া পর্যন্ত সেখানে প্রবেশ কর না। আর যদি তোমাদের বলা হয়— ‘ফিরে যাও’, তবে ফিরে যাবে। এটাই তোমাদের জন্য অধিকতর পবিত্র।’ (সুরা আন-নুর: আয়াত ২৮)

গোপনীয়তা ফাস ও গোয়েন্দাগিরি নিষিদ্ধ

শুধু যে সশরীরে কারও ঘরে ঢুকলেই অপরাধ হবে— তা নয়। আড়াল থেকে বা দূর থেকে প্রযুক্তি ও কুদৃষ্টির মাধ্যমে অন্যের হাঁড়ির খবর নেওয়া বা গোপন বিষয় অনুসন্ধান করাও ইসলামে পুরোপুরি নিষিদ্ধ। মানুষের আড়ালের ভুল বা ব্যক্তিগত মুহূর্তকে প্রকাশ্যে আনার মানসিকতাকে কুরআন কঠোরভাবে প্রতিহত করেছে। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে নির্দেশ দিয়ে বলেছেন—

وَلَا تَجَسَّسُوا

‘আর তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান কর না।’ (সুরা আল-হুজুরাত: আয়াত ১২)

আরও পড়ুন
অন্যের ঘরে উঁকিঝুঁকি: মহানবী (সা.)-এর কঠোর সতর্কবার্তা

অন্যের ঘরের দিকে বা ব্যক্তিগত পরিসরে নজর দেওয়া কতটা মারাত্মক অপরাধ, তা আল্লাহর রাসুল (সা.)-এর একটি আচরণ থেকেই স্পষ্টভাবে বোঝা যায়। সাহাবি হজরত সাহল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত, একবার এক লোক মহানবী (সা.)-এর কামরার দরজার ফাঁক দিয়ে গোপনে উঁকি দিল। রাসুলুল্লাহ (সা.)-এর হাতে তখন মাথা আঁচড়ানোর একটি চিরুনি ছিল। লোকটির এই অনধিকার চর্চা দেখে রাসুল (সা.) তাকে কড়া ভাষায় সতর্ক করে দিলেন। হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) থেকে বর্ণিত হয়েছে—

لَوْ عَلِمْتُ أَنَّكَ تَنْظُرُ لَطَعَنْتُ بِهِ فِي عَيْنِكَ، إِنَّمَا جُعِلَ الإِذْنُ مِنْ أَجْلِ الْبَصَرِ

‘আমি যদি আগে থেকে জানতাম যে তুমি এভাবে উঁকি দিচ্ছ, তবে এটি দিয়ে তোমার চোখ ফুটো করে দিতাম! অনুমতি চাওয়ার এই বিধান তো মূলত দৃষ্টিকে সংযত রাখার স্বার্থেই প্রবর্তন করা হয়েছে।’ (বুখারি ৬২৪১)

ইসলামি জীবন বিধানের মূল সুরই হলো— অন্যের বিরক্তির কারণ না হওয়া এবং প্রতিটি মানুষের নিজ ঘরে নিরাপদে থাকার অধিকার নিশ্চিত করা। আধুনিক সমাজে উন্মুক্ত প্রযুক্তির ভিড়ে আমরা যখন অন্যের ব্যক্তিগত জীবনে সহজেই নাক গলাচ্ছি, তখন কুরআন ও হাদিসের এই শিক্ষাগুলো আমাদের আত্মসংযমী হওয়ার পথ দেখায়। দৃষ্টিকে সংযত রাখা এবং অন্যের ব্যক্তিগত সীমানাকে সম্মান জানানোই হলো প্রকৃত সজ্জনের পরিচয়। যেদিন আমরা এই নীতিগুলো নিজ জীবনে ধারণ করতে পারব, সেদিনই সমাজে ফিরে আসবে সত্যিকারের পারস্পরিক সম্মান, বিশ্বাস ও সুপ্রশান্তি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার