বিজ্ঞাপন
অফিস থেকে দেওয়া যাতায়াত ভাতার বেঁচে যাওয়া টাকা গ্রহণ কি হালাল?
ইসলাম ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পিএম
বিজ্ঞাপন
এক প্রশ্নকারী জানতে চান, কোনো প্রতিষ্ঠান তার অফিসের চিঠিপত্র আনা-নেওয়ার জন্য গাড়ি ভাড়া বাবদ ২৪০ টাকা অনুমোদন দিয়ে থাকে। আমি যদি নিজের বাইক ব্যবহার করে ১৭০/১৮০ টাকার মধ্যে আসা-যাওয়া করি, তাহলে কি সেটা গ্রহণ করা জায়েজ হবে? বিশেষ দ্রষ্টব্য- গাড়ি ভাড়া ২৪০ টাকাই করতে হবে। কোনো সময় দেখা যায়, বাস বা সিএনজি ভাড়া কম-বেশি।
উত্তরে মদিনা মুনাওয়ারার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠান আপনাকে কোন শর্তে টাকাটা দিচ্ছে, তার ওপর নির্ভর করবে যে আপনি যাতায়াত খরচ কমিয়ে অতিরিক্ত টাকা নিজে নিতে পারবেন কি না।
১. যদি কোম্পানি ওই পরিমাণ টাকা আপনাকে যাতায়াতে খরচ করতে দেয় এবং অতিরিক্ত থাকলে তা ফেরত দেওয়ার নির্দেশনা থাকে, তাহলে আপনাকে অবশ্যই বাকি টাকা ফেরত দিতে হবে।
২. আর যদি নিয়ম এমন হয় যে, আপনি প্রথমে নিজের থেকে খরচ করবেন, কিন্তু প্রকৃত খরচের বিল জমা দেবেন (সর্বোচ্চ ২৪০ টাকা পর্যন্ত), এক্ষেত্রে কম খরচ করে সর্বোচ্চ পরিমাণের বিল করার সুযোগ নেই। কেননা, তাহলে মিথ্যা বলা হবে এবং অফিসের সঙ্গে প্রতারণা করা হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন: যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।
তথ্যসূত্র: মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদিস নং ২৩১৪৭; সহীহ মুসলিম, হাদিস নং ১৬৪; সুনানে দারেমী, হাদিস নং ২৫৮৩; সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২২২৫; সহীহ ইবনে হিব্বান, হাদিস নং ৪৯০৫।
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন: মুসলমানগণ তাদের শর্তের ওপর অটল থাকবে।
তথ্যসূত্র: সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৫৯৪; সুনানে দারা কুতনী, হাদিস নং ২৮৯০; শুয়াবুল ঈমান, হাদিস নং ৪০৩৯।