Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

রিজিকের তিনটি দরজা—যা কখনো বন্ধ হয় না

Icon

ইসলাম ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

রিজিকের তিনটি দরজা—যা কখনো বন্ধ হয় না

বিজ্ঞাপন

কখনো কি মনে হয়, জীবনের সব পথ যেন একে একে বন্ধ হয়ে যাচ্ছে? চেষ্টা করেও যখন কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না, রিজিক নিয়ে দুশ্চিন্তা যখন হৃদয়কে ভারী করে তোলে— তখন মনে রাখুন, মানুষের দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না।

আল্লাহর পক্ষ থেকে রিজিক ও কল্যাণের এমন কিছু পথ রয়েছে, যেগুলো আমাদের জন্য সবসময় উন্মুক্ত। তার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি হলো—

১. তাকওয়া

আল্লাহকে ভয় করে তাঁর অবাধ্যতা থেকে বেঁচে চলুন। কারণ তাকওয়া শুধু আখিরাতের সফলতার পথ নয়; এটি দুনিয়ার সংকট থেকেও বের হওয়ার একটি মাধ্যম। আল্লাহ তাআলা বলেন—

وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا. وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ

‘যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন, যা সে কল্পনাও করতে পারে না।’ (সুরা আত-তালাক: আয়াত ২–৩)

তাই পরিস্থিতি যত কঠিনই হোক, তাকওয়া ছেড়ে দেবেন না। হয়তো আপনার অদেখা কোনো পথেই আল্লাহ আপনার জন্য সমাধান রেখে দিয়েছেন।

২. ইস্তিগফার

গুনাহের বোঝা নিয়ে হতাশ হয়ে যাবেন না। বারবার আপনার রবের কাছে ফিরে আসুন এবং বলুন—

أَسْتَغْفِرُ اللَّهَ

‘আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

আল্লাহ তাআলা হজরত নূহ (আ.)-এর বক্তব্য উল্লেখ করে বলেন—

اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا. يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا. وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا

‘তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টিধারা বর্ষণ করবেন। আর তিনি তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী-নালা প্রবাহিত করবেন।’ (সুরা নুহ: আয়াত ১০–১২)

কত সুন্দর! ইস্তিগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়; আল্লাহর রহমত, বরকত ও রিজিকের দরজাও এর মাধ্যমে খুলে যেতে পারে।

৩. কৃতজ্ঞতা

আপনার কাছে যা আছে, তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। হয়তো আপনি যে নেয়ামতগুলোকে ছোট মনে করছেন, সেগুলোই অন্য কারও কাছে অনেক বড় স্বপ্ন। আল্লাহ তাআলা বলেন—

لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ

‘তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব।’ (সুরা ইবরাহিম: আয়াত ৭)

আরও পড়ুন
তাই কম পেয়েছেন—এটা ভেবে আফসোস না করে, যা পেয়েছেন তার জন্য আলহামদুলিল্লাহ বলুন। কারণ শুকরিয়া নেয়ামতকে শুধু ধরে রাখে না, বরং আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী তা বৃদ্ধির কারণও হয়।

যখন সব পথ বন্ধ মনে হবে…

যখন জীবনের সব পথ সংকীর্ণ মনে হবে, যখন রিজিক নিয়ে দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে— তখন মানুষের দরজায় হতাশ হয়ে দাঁড়িয়ে না থেকে আকাশের মালিকের দিকে ফিরে তাকান। তাকওয়া অবলম্বন করুন। ইস্তিগফার করুন। আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করুন।

মনে রাখুন, যে রব পাখিকে তার বাসা থেকে বের করে রিজিক দিয়ে ফিরিয়ে আনেন, তিনি আপনাকে ভুলে যাননি। আপনার রিজিক আপনার কাছে পৌঁছাবেই—যেভাবে, যখন এবং যেখান থেকে আল্লাহ নির্ধারণ করেছেন।

হয়তো যে দরজাটি আজ বন্ধ দেখছেন, তার পেছনে নয়— আল্লাহ আপনার জন্য অন্য একটি দরজা খুলে রেখেছেন, যে দরজার কথা আপনি এখনো জানেন না। তাই দুশ্চিন্তায় ভেঙে পড়বেন না। আল্লাহর ওপর ভরসা রাখুন। তাঁর দিকে ফিরে আসুন। কারণ আপনার রবের দরজা কখনো বন্ধ হয় না।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার