বিজ্ঞাপন
আর কত দিন পর শুরু রমজান, জানা গেল সম্ভাব্য তারিখ
ইসলাম ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম
বিজ্ঞাপন
নতুন বছর শুরু হতে এখনো প্রায় তিন মাস বাকি। এরই মধ্যে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি।
সেই হিসাবে পবিত্র এই মাস শুরু হতে আর ১৫০ দিনেরও কম সময় বাকি। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে নতুন চাঁদ দেখার ওপর।
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার থেকে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস শুরু হয়েছে। এর মধ্য দিয়ে রমজান শুরুর অপেক্ষা শেষ পাঁচ চন্দ্রমাসে এসে পৌঁছেছে। হিসাব অনুযায়ী, পবিত্র রমজান মাস শুরু হতে প্রায় ১৪৬ দিন বাকি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রবিউস সানি মাসের চতুর্থ দিন। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের রমজান শুরু হতে পারে সোমবার, ৮ ফেব্রুয়ারি। তবে চাঁদ দেখা সাপেক্ষে এক দিন আগে বা পরে রমজান শুরু হতে পারে।
ইসলামি ক্যালেন্ডারে মাসের হিসাব চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল। ফলে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের একই তারিখে পরপর দুই বছর রমজান শুরু হয় না। ইসলামি বছর ৩৫৪ দিনের হওয়ায় তা গ্রেগরিয়ান বছরের চেয়ে প্রায় ১০ থেকে ১১ দিন ছোট। এ কারণে প্রতিবছর রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হয়।
এই ধারাবাহিকতায় প্রায় ৩৩ বছরের একটি চক্রে বছরের বিভিন্ন ঋতুতে রমজান পালিত হয়। ফলে দীর্ঘ সময়ের ব্যবধানে মুসলমানরা বছরের প্রায় সব ঋতুতেই পবিত্র রমজানের রোজা রাখার সুযোগ পান।
জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। পরদিন সোমবার, ৮ ফেব্রুয়ারি থেকে রোজা রাখা শুরু হতে পারে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস ২৯ অথবা ৩০ দিন হতে পারে। এরপর শাওয়ালের নতুন চাঁদ দেখা গেলে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর বুধবার, ১০ মার্চ হতে পারে। তবে ঈদের তারিখও চাঁদ দেখার ওপর নির্ভরশীল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত ঘোষণাই হবে কার্যকর।